ইসলামাবাদ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----পাকিস্তান তার ভূখন্ডে মার্কিনী কায়দায় আর কোনো অভিযান বরদাশত করবে না। যুক্তরাষ্ট্র আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে যেভাবে অভিযান চালিয়েছে কোনো দেশ এমন চেষ্টা চালালে পরিণতি মারাত্মক হবে।
সেনাবাহিনী এর দাঁতভাঙা জবাব দেবে। বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির।
বাহ্যত ভারতকে ইঙ্গিত করেই বশিরের এ হুঁশিয়ারি।
পাকিস্তানের সেনাবাহিনী বা প্রধান গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আল-কায়েদার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ নাকচ করেন বশির।
তিনি বলেন, "এ ধরনের কোনো অপতৎপরতা বা অপপ্রচার ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পাকিস্তান যে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।"
এর আগে অনুমতি ছাড়া অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে পাকিস্তান। এ ধরনের অভিযান বরদাশত না করার হুঁশিয়ারিও দেয় পাক পররাষ্ট্রমন্ত্রণালয়।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ জানায়, 'বিন লাদেনের বাসভবনে অভিযান ছিলো অননুমোদিত একপাক্ষিক পদক্ষেপ'।
অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব সালমান বশির।
পাকিস্তানি কর্মকর্তাদের কোনো কিছু না জানিয়েই সোমবার ভোররাতে ইসলামাবাদের উত্তরে অ্যাবোটাবাদের এক কম্পাউন্ডে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনসহ বেশ কয়েকজনকে হত্যা করে মার্কিন বাহিনী।
নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর কাছের একটি শহরে বিন লাদেন কিভাবে পালিয়ে থাকতে পেরেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। জঙ্গিদের পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদদ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বশির বলেন,"আইএসআইয়ের সমালোচনা কেবল অনায্যই নয়, তা ভিত্তিহীনও বটে।"
বিন লাদেনের অবস্থান গোপন থাকার ব্যাপারে তিনি বলেন, "এটি গোয়েন্দা ব্যর্থতা হলে তা গোটা বিশ্বের গোয়েন্দা ব্যর্থতা।"
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২২ ঘ.
bdnews24