২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অভিযান ছিলো অননুমোদিত একপাক্ষিক পদক্ষেপ'

অনুমতি ছাড়া অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ জানায়, 'বিন লাদেনের বাসভবনে অভিযান ছিলো অননুমোদিত একপাক্ষিক পদক্ষেপ'। অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব সালমান বশির। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান লিওন প্যানেট্টা ওয়াশিংটনে টাইম ম্যাগাজিনকে বলেন, আল-কায়েদা নেতার কাছে খবর পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকায় অ্যাবোটাবাদ অভিযান নিয়ে পাকিস্তানকে আগেভাগে কিছু জানানো হয়নি। "পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের যৌথপ্রচেষ্টা অভিযানকে ব্যাহত করতে পারে। এ কারণে বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত হয়েছিলো।" যুক্তরাষ্ট্রের এ ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বশির বলেন, "বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে সব ঘটনা ঘটেছে সেগুলোতে পাকিস্তানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাই আমাদের নিয়ে এ ধরনের মন্তব্য খুবই দুশ্চিন্তার।" এর আগে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। স্থানীয় সময় সোমবার ভোররাতে ইসলামাবাদের একশ' কিলোমিটার উত্তর-পূর্বের অ্যাবোটাবাদে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির কাছের একটি অভিজাত ভবনে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল টিমের সদস্যরা। পাকিস্তানের অনুমোদন ছাড়াই মার্কিন সেনাদের অভিযানে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জারদারি সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৬৪২ ঘ.