ওয়াশিংটন, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লাদেনের মৃত্যু পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের জন্য যুগপৎ সঙ্কট ও সুযোগ তৈরি করেছে।
পাকিস্তান ইতোমধ্যেই লাদেনকে নিয়ে নানা বিব্রতকর প্রশ্নের মুখে পড়েছে।
এতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবিশ্বাসের সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে।
আবার পাকিস্তানের মাটিতেই যুক্তরাষ্ট্রের সফল লাদেন হত্যা অভিযান সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভবিষ্যতে দু'দেশের আরো বেশি সহযোগিতার সম্ভাবনার সুযোগও তৈরি করেছে।
আল কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাকিস্তানের সহযোগিতা নিয়ে বহুদিন থেকে সন্দিহান ছিলো যুক্তরাষ্ট্র।
পাকিস্তান আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের মেরুদ- ভেঙে দিয়েছে এমন দাবি করে আসলেও লাদেন খোদ ইসলামাবাদের কাছেই ছিলেন।
অ্যাবোটাবাদে পাকিস্তান সামরিক অ্যাকাডেমির কাছে একবিলাসবহুল ম্যানশনে রাখা হয়েছিলো লাদেনকে।
আফগানিস্তান-পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকায় লুকিয়ে ছিলেন না তিনি। যেমনটি ধারণা করা হয়ে আসছিলো বহু বছর ধরে।
ফলে আল কায়েদা বিরোধী অভিযানে তাদের ভূমিকা নিয়ে নানা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হয়েছে পাকিস্তান।
লাদেন পাক-আফগান সীমান্ত এলাকা বা কাছাকাছি কোথাও লুকিয়ে আছেন পাকিস্তানের এমন দাবি অসাঢ় প্রমাণিত হয়েছে।
সরকার, প্রশাসন সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে বিলাসবহুল বাড়িতে লাদেনের বাস করার খবর অনেককেই বিস্মিত করেছে।
ফলে নতুন করে প্রশ্ন উঠেছে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
ফলে পাকিস্তানকে বিশ্বাস করা এবং দেশটিকে সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র যেমন সঙ্কটে পড়েছে তেমনি একইভাবে সঙ্কটে পড়েছে পাকিস্তানও।
আল কায়েদা বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের বিশ্বাস ধরে রাখা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ সহায়তার ভবিষ্যৎ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান।
কিন্তু সঙ্কট যাই হোক না কেনো সন্ত্রাসবিরোধী যুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে কাজ করে আসা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের জন্য লাদেন হত্যার ঘটনাটি উভয়ের জন্যই কিছু সুযোগও এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মুখেও যুক্তরাষ্ট্র এখনো বলছে গত কয়েকবছরে পাকিস্তানের সহযোগিতা ছাড়া লাদেনকে খুঁজে বের করা কিংবা তাকে হত্যা করা কখনোই সম্ভব হতো না।
আল কায়েদা নির্মূল অভিযানে পাকিস্তান অনেকখানি সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
লাদেনের অবস্থানের বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র যুক্তি দিচ্ছে এই বলে যে, আইএসআই এর কয়েকজন হয়তো লাদেনের অবস্থান জানতেন, কিন্তু তা যে সবারই জানা ছিলো তা নাও হতে পারে।
তাছাড়া, পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের লাদেন অভিযানেও ইসলামাবাদ কোনো আপত্তি করেনি সেকথাও ফলাও করে বলেছে যুক্তরাষ্ট্র।
"পাকিস্তানে ঢোকার জন্য তারা যুক্তরাষ্ট্রকে কোনো দোষারোপ কিংবা নিন্দা কিছুই করেনি"-- এমন কথাই বলেছেন, যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' এর কর্মকর্তা এন্থনি কর্ডসম্যান।
ওদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারিও বহুবারই বলে এসেছেন পাকিস্তান কখনোই জঙ্গিবাদের চারণভূমি হবে না। লাদেন হত্যাকে বিশাল এক বিজয় বলেই মন্তব্য করেছেন জারদারি।
লাদেন হত্যা অভিযান নিয়ে ইতিবাচক সুরে কথা বলে পাকিস্তানও যুক্তরাষ্ট্রকে সন্তষ্ট রাখারই চেষ্টা করছে। আইএসআইও লাদেনের অবস্থানের ব্যাপারে তাদের গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে যে কোনো অভিযানে পাকিস্তানের কাছ থেকে আরো বেশি সহযোগিতা পাওয়ার একটি সুযোগ এবং সম্ভাবনা দেখা যাচ্ছে এ থেকেই।
লাদেন হত্যার ঘটনায় পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে আরো বেশি সহযোগিতা করতে উদ্যোগী হবে। আফগানিস্তানে সরকার ও তালেবানের মধ্যে সম্প্রীতির মধ্য দিয়ে সঙ্কটের রাজনৈতিক সমাধানেও পাকিস্তানের সমর্থনলাভের আশা আছে যুক্তরাষ্ট্রের।
আর সর্বোপরি লাদেন নিহতের ঘটনায় পাকিস্তান আত্মঅনুসন্ধানে ব্রতী হবে এমনটাও ধারণা করছেন অনেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩১ ঘ.
bdnews24