২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন অভিযান নিয়ে দ্বিধায় ছিলেন ওবামার সহযোগীরা

লাদেন হত্যা অভিযান নিয়ে দ্বিধায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সহযোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ওয়াশিংটন, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লাদেন হত্যা অভিযান নিয়ে দ্বিধায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সহযোগীরা। লাদেন পাকিস্তানে একটি বিলাসবহুল ম্যানশনে আছেন- এ গোপন তথ্যের ভিত্তিতে সেখানে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বৈঠকে একমত হতে পারেননি তারা। আবার ব্যবস্থা নিতে বেশি দেরী হয়ে গেলে তথ্য ফাঁস হয়ে গিয়ে লাদেনকে হত্যার টার্গেট মিস করা নিয়েও তারা আশঙ্কায় ছিলেন । লাদেনের অ্যাবোটাবাদের ম্যানশনে থাকার তথ্য গত আগস্টে জানা গেলেও মার্চে সেখানে তার উপস্থিতির ব্যাপারে একরকম নিশ্চিত হয় যুক্তরাষ্ট্র। তারপরও সেখানে হামলার আগে কয়েক সপ্তাহ ধরে খুঁটি-নাটি অনেক বিষয় নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন ওবামা। ম্যানশনটিতে হামলা চালানো অথবা সেখানে লাদেনের উপস্থিতি সম্পর্কে আরো পরিস্কার তথ্য পাওয়া জন্য অপেক্ষা করা--- বিভিন্ন বিকল্পের মধ্যে ভাবা হচ্ছিল এ দুটি বিকল্প নিয়ে। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকে এ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন ওবামার সহযোগীরা। পরবর্তীতে ওবামা পুরো এক রাত চিন্তা-ভাবনা করার পর একাই লাদেন হত্যা অভিযানের সিদ্ধান্ত নেন এবং তারপরই অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৮ ঘ.