২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের মৃত্যু 'বড় অর্জন': গিলানি

মার্কিন সেনাবাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু একটি 'বড় অর্জন' বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন সেনাবাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু একটি 'বড় অর্জন' বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সোমবার এক প্রতিক্রিয়ায় গিলানি বলেন, "আমরা আমাদের ভূমি সন্ত্রাসবাদ ছড়াতে ব্যবহার করতে দেবো না। আমি মনে করি, এটি একটি বড় বিজয়। এ বিজয়ে আমি অভিনন্দন জানাই।" পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনে প্রধানমন্ত্রীর এ প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। পাকিস্তান এ অভিযানে সহায়তা করেছে কিনা জানতে চাইলে গিলানি বলেন, "আমি এ ব্যাপারে বিস্তারিত জানিনা। তবে সংক্ষেপে বলতে গেলে পাকিস্তান আগে থেকেই গোয়েন্দা কার্যক্রমে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়ে আসছে।" সোমবার ভোররাতে ইসলামাবাদের একশ' কিলোমিটার উত্তর-পূর্বের আবোতোবাদ শহরে একটি কম্পাউন্ডে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/০০২৯ ঘ.