ওয়াশিংটন, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামার জীবনে অনেক তাৎপর্যপূর্ণ মুহূর্ত এসেছে। কিন্তু এক অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনা রাজনৈতিকভাবে ওবামার জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
রোববার রাতে এক সংবাদ সম্মেলনে বিন লাদেনকে হত্যার খবর জানান দেন ওবামা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার দিক থেকে লাদেনের এ মৃত্যু এক বড় ধরনের জয়।
বিশেষ করে ওবামার ২০১২ সালের পুননির্বাচনী প্রচারাভিযান শুরুর মুহূর্তে এ ঘটনা তার অনুকূলে যাবে বৈকি।
লাদেন হত্যার সফল অভিযানের কারণে ওবামা রাজনৈতিক দিক থেকে বড় ধরনের কিছু সুফল পাচ্ছেন। আর তা হচ্ছে:
ভাবমূর্তি বদলে যাওয়া:
একজন বলিষ্ঠ কমান্ডার ইন চীফ হিসাবে জনগণের নজর কাড়া।
গ্যাসোলিনের দাম বাড়া আর অর্থনীতি সামাল দেওয়া নিয়ে গণঅসন্তোষের কারণে রাজনৈতিক দিক থেকে ওবামা দুর্বল হয়ে পড়েছিলেন।
এমন একটি সময়ে ওবামা নাটকীয়ভাবে মার্কিন অভিযানে লাদেন নিহতের খবর জানানোয় নিঃসন্দেহে জনগণের দৃষ্টি ঘুরে যাবে একজন কমান্ডার ইন চীফ হিসাবে তার সফলতার দিকে। ফুটে উঠবে তার বলিষ্ঠ ভাবমূর্তি।
প্রতিশ্রুতি পূরণ:
২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামা ইরাক থেকে সেনা দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি লাদেন অভিযানে আফগানিস্তানে সেনা বাড়িয়েছিলেন তিনি।
আর এখন বিন লাদেনের মৃত্যুতে ওবামা বলতেই পারেন যে, তিনি আরেকটি প্রতিশ্রুতি পূরণ করেছেন। আর এতে ভবিষ্যৎ প্রেসিডেন্সির জন্য তার বিশ্বাসযোগ্যতাও বেড়ে যাবে।
নিরাপত্তা ইস্যুতে রিপাবলিকানদের হার:
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরাই অনেক বেশি সোচ্চার বলে মনে করা হয়। এদিক থেকে লাদেন অভিযানে ওবামার সফল হওয়াটা বিরোধীদের বিরুদ্ধে তার অপ্রত্যাশিত জয়। ওবামা এখন তার নিজের এমনকি দলের জন্য এ কৃতিত্ব দাবি করতে পারবেন। রাজনীতির খেলায় ভোল পাল্টে দিতে ওবামার জন্য এ এক চমৎকার হাতিয়ার।
স্বদেশপ্রেমের নবজাগরণ:
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সির জন্য সহায়ক হয়েছিলো মার্কিনিদের দেশপ্রেম। আর এবার প্রেসিডেন্ট ওবামার প্রেসিডেন্সির জন্য একই কারণে সহায়ক হবে লাদেন নিহতের ঘটনা।
২০০১ সালে টুইনটাওয়ারে হামলার পর জেগে উঠেছিলো মার্কিনিদের দেশপ্রেম। আর তাতেই ২য় মেয়াদে ক্ষমতায় আসতে পেরেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
রোববার ওবামা লাদেনের মৃত্যুর খবর জানিয়ে দেশের জনগণকে একাত্ম হওয়ার যে আহ্বান জানিয়েছেন তাতে আবার জনগণের দেশপ্রেম জেগে উঠে লাভবান হতে পারেন তিনি।
মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কিংবা অর্থনৈতিক দুর্দশার স্মৃতি এখনো মলিন না হলেও বিন লাদেনের মৃত্যুতে অন্তত কিছু সময়ের জন্য জনমত ওবামার দিকে ঘুরে দাঁড়াবে। আর তাতেই ঐতিহাসিক সাফল্য পাবে তার প্রেসিডেন্সি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৮ ঘ.
bdnews24