২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন বধ অভিযান যেভাবে পরিচালিত হল

পাকিস্তানের বিশেষ সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাত্র ২ হাজার ৪শ' ফুট দূরেই আত্মাগোপন করেছিলেন ওসামা বিন লাদেন। সেখানেই একটি ভবনে রোববার রাতে মার্কিন সেনাবাহিনীর ছোট্ট একটি দলের অভিযানে নিহত হন বিন লাদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিশেষ সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাত্র ২ হাজার ৪শ' ফুট দূরেই আত্মাগোপন করেছিলেন ওসামা বিন লাদেন। সেখানেই একটি ভবনে রোববার রাতে মার্কিন সেনাবাহিনীর ছোট্ট একটি দলের অভিযানে নিহত হন বিন লাদেন। পাকিস্তানের ওই প্রশিক্ষণ কেন্দ্রটিকে ব্রিটেনের সান্ডহার্স্ট সেনা প্রশিক্ষণ কেন্দ্রের সমপর্যায়ের বিবেচনা করা হয় বলে বিবিসি জানিয়েছে। রাজধানী ইসলামাবাদের উত্তরাঞ্চলে অ্যাবোতাবাদ ক্যান্টনমেন্টের ভেতরেই এর অবস্থান। এলাকাটিতে প্রচুর সেনা ও অনেকগুলো চেকপয়েন্ট রয়েছে। পাকিস্তানে স্থানীয় সময় রোববার রাত ১০ টা ৩০ মিনিটে এ অভিযান শুরু হয়। অভিযানের স্থায়িত্বকাল ছিল মাত্র ৪৫ মিনিট। খুব স্বল্প উচ্চতা দিয়ে দুই থেকে তিনটি হেলিকপ্টার উড়ে যাওয়ার এলাকাবাসীরা কিছুটা আতঙ্কিত বোধ করেন। ক্যান্টনমেন্ট এলাকার ভেতরেই একটি বড় তিনতলা ভবন ছিল অভিযানের লক্ষ্য। ভবনটির বাইরে হেলিকপ্টারগুলো অবতরণ করে। হেলিকপ্টার থেকে নেমে সেনারা পশতু ভাষায় স্থানীয়দের সাথে কথাও বলেন। এরপর আশপাশের এলাকায় অবস্থানকারী মানুষদের বাতি নিভিয়ে ঘরের অভ্যন্তরেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণ পরই ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলিতে একটি হেলিকপ্টার বিস্ফোরিত হয় বলে জানা গেছে। স্থানীয় অধিবাসীরা হেলিকপ্টার বিস্ফোরণের আগুন দেখতে পান বলে জানিয়েছেন। প্রায় ৯ হাজার বর্গফুট জমির ওপর ওই তিনতলা ভবনটির অবস্থান। কিন্তু চতুর্দিকে ১৪ ফুট উঁচু দেওয়াল থাকায় বাইরে থেকে ভেতরের ঘটনা ভালোভাবে দেখা যায়নি। দেয়ালের ওপর কাঁটাতারের বেড়া ও বিভিন্ন পয়েন্টে ক্যামেরা লাগানো ছিল। ওই বাড়িতে প্রবেশে দুটি ফটক ছিল। টেলিফোন বা ইন্টারনেটের কোনো সংযোগ ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান শেষে সেনাদের ওই চত্বর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এ সময় তারা অন্য কাউকে নিয়ে আসছিল, যে কিনা ভেতরেই ছিল। তারা আরো জানান, নারী ও শিশুরাও ওই ভবনে ছিল। একজন পশতুন ১০ থেকে ১২ বছর আগে এই বাড়ি নির্মাণ করেন। সেখানে কে বা কারা বসবাস করছেন সে বিষয়ে স্থানীয়দের কোনো ধারণাই ছিল না। অভিযান শেষে পাকিস্তানি সেনারা সেখানে আসে এবং ওই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৮ ঘ.