কাবুল, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে নতুন করে হামলা শুরু করেছে তালেবান জঙ্গিরা। এতে আফগানিস্তানজুড়ে ইতোমধ্যেই নিহত হয়েছে অন্তত ১১ জন।
জাতিসংঘ রোববার বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়াতে সব পক্ষকে আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই তালেবান জঙ্গিরা এ হামলা শুরু করে।
কট্টরপন্থি তালেবানরা জনসাধারণকে জনসভা, সামরিক ঘাঁটি কিংবা গাড়িবহরসহ সরকারি কার্যালয়গুলো থেকে দূরে থাকার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কারণ, এ জায়গাগুলোই তাদের হামলার লক্ষ্যস্থল।
এর আগে শনিবার তালেবানরা জানায়, বিদেশি, বাহিনী, প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারসহ ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) তাদের হামলার লক্ষ্য।
বিদেশি বাহিনীকে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সজাগ হতে হবে বলে দাবি করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
আফগানিস্তানে বিদেশি বাহিনীর অভিযানে হতাহত হয় বহুসংখ্যক মানুষ। তবে আরো বেশি মানুষ নিহত হয় জঙ্গি তৎপরতার কারণে।
তালেবান এবং বিদেশি বাহিনী দুপক্ষই সাধারণ মানুষ হতাহতের ঘটনা এড়িয়ে চলার অঙ্গীকার করলেও রোববার নতুন করে শুরু হওয়া তালেবান হামলায় নিহতদের অর্ধেকই সাধারণ মানুষ (২০১০ সালে আফগানিস্তানে বেসামরিক মানুষ নিহতের সংখ্যা ছিলো রেকর্ড পর্যায়ে)।
অভিনব এবং বিরল কৌশলে নতুন হামলা শুরু করেছে তালেবানরা। শিশুদেরকে দিয়ে বোমা হামলা চালাচ্ছে তারা।
পাকটিকা প্রদেশে ১২ বছরের একটি শিশু বিস্ফোরক বেল্ট পরে আত্মঘাতী হামলা চালিয়েছে। এতে ৪ আফগান নিহত এবং ১২ জন আহত হয় বলে জানান এক সরকারি মুখপাত্র।
কাছাকাছি গজনী প্রদেশে তালেবান জঙ্গিরা একটি পুলিশের গাড়িরর ওপর গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ২ আফগান এবং দুই পুলিশ নিহত হয়। কান্দাহারে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে এক সেনা।
লোগার এ রাস্তার ধারে পেতে রাখা বোমায় কমিউনিটি পুলিশের ২ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৮ ঘ.
bdnews24