ত্রিপোলি, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিমান হামলা বন্ধে ন্যাটোর সঙ্গে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি। তবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে পশ্চিমা শক্তিগুলোর যে দাবি, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
শনিবার সকালে সরাসরি সম্প্রচারিত ৮০ মিনিটের এক টেলিভিশন ভাষণে গাদ্দাফি বলেন, "এই মুহূর্ত থেকে লিবিয়া অস্ত্রবিরতির জন্য প্রস্তুত"। টেলিভিশনে দেখা যায়, গাদ্দাফি একটি ডেস্কের পেছনে থেকে লিখিত ভাষণ দিচ্ছেন।
গাদ্দাফি তার ভাষণে বলেন, "আমরাই প্রথম অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছিলাম, আমরাই প্রথম অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিলাম [...] কিন্তু ক্রসেডার ন্যাটো বাহিনীর হামলা বন্ধ হয়নি।"
"শান্তির দরজা খোলা রয়েছে", যোগ করেন গাদ্দাফি।
লিবিয়ায় গাদ্দাফি অনুগত বাহিনী ব্যাপক হামলা-সহিংসতা চালাচ্ছে এবং ইতোমধ্যে হাজার খানের মানুষ নিহত হয়েছে বলে যে দাবি পশ্চিমা জোট করছে তা প্রত্যাখ্যান করে বিষয়টি প্রমাণ করার জন্য ন্যাটোর প্রতি গাদ্দাফি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
গাদ্দাফি বলেন, "আমরা তাদের ওপর হামলা চালাইনি কিংবা সমুদ্রও অতিক্রম করিনি [...] কেন তারা আমাদের ওপর হামলা চালাচ্ছে?"
"যে সব দেশ আমাদের ওপর হামলা চালাচ্ছে, তাদের সঙ্গে সমঝোতার সুযোগ চাই, আসুন সমঝেতা করি", বলেন তিনি।
যদি তেলই যৌথবাহিনীতে থাকা দেশগুলোর লক্ষ্য হয়, তবে এ বিষয়ে চুক্তিতে আসতে আমাদের কোনো সমস্যা নেই, যোগ করেন গাদ্দাফি।
গাদ্দাফি যখন ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই ত্রিপোলির টেলিভিশন ভবনের কাছাকাছি ন্যাটোর বিমান থেকে তিনটি স্থানে হামলা চালানো হয়।
লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলাকে গাদ্দাফিকে হত্যার চেষ্টা বলে অভিযোগ তুলেছে।
প্রসঙ্গত, কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন। প্রায় ৪১ বছর ধরে দেশটি শাসন করছেন তিনি।
কয়েকমাস আগে দেশটিতে তার শাসনের অবসানের দাবিতে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালান গাদ্দাফি।
এর পরিপ্রেক্ষিতে দেশটিতে সহিংসতার সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।
কিন্তু গাদ্দাফি বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছেন, যার ফলশ্রুতিতে দেশটির সহিংসতা গৃহযুদ্ধে রূপ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬০৮ ঘ.
bdnews24