কাবুল, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় আল কায়েদার শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছে।
মঙ্গলবার ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের মোস্ট ওয়ান্টেড তালিকার দুই নম্বরে থাকা আল কায়েদার শীর্ষ স্থানীয় জঙ্গি আবু হফস আল নাজদি দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন।
আবু হফস আল নাজদির অপর নাম আবদুল গানি। তিনি সৌদি আরবের নাগরিক। ১২ দিন আগে দাঙ্গাম জেলায় আল কায়েদার অন্যান্য জ্যেষ্ঠ নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক চলাকালে বিমান হামলায় নাজদি নিহত হন বলে আন্তর্জাতিক সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (আইএসএএফ) এক বিবৃতিতে জানায়।
নাজদি ছিলেন কুনার প্রদেশে আল কায়েদার 'অপারেশন' প্রধান। এ ছাড়া পার্বত্য অঞ্চলে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও চালুর দায়িত্বও তার ওপর ছিল।
নাজদির প্রকৃত নাম সালেহ নাইভ আলমাকহালভি দাই। সৌদি আরব সরকার ঘোষিত 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গিদের তালিকায় ৮৫ জনের মধ্যে নাজদি রয়েছেন ২৩ নম্বরে।
আইএসএএফ জানিয়েছে, পাকিস্তানের আল কায়েদার এক নেতা ওয়াকাসও এই বিমান হামলায় নিহত হয়েছেন। তবে এতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা তারা জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৩ ঘ.
bdnews24