২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় শনিবার মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র-বিরোধী ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের শ' শ' অনুসারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

বাগদাদ, এপ্রিল, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় শনিবার মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র-বিরোধী ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের শ' শ' অনুসারী। যুক্তরাষ্ট্র এ বছর সেনা প্রত্যাহার করতে না পারলে সার্বিকভাবে তাদের বিরুদ্ধে জোর প্রতিরোধ অভিযানে নামার হুমকি দিয়েছে তারা। এ বছর ৩১ ডিসেম্বরে মার্কিন সেনারা ইরাক না ছাড়লে মেহদি আর্মি মিলিশিয়া বাহিনীর তৎপরতা জোরদার করা হবে বলে ৯ এপ্রিল হুঁশিয়ার করে দিয়েছিলেন সদর। ওই হুঁশিয়ারির পর সাম্প্রতিক সময়ে এ নিয়ে ২য় বারের মতো বড় ধরনের বিক্ষোভ করলো তার সমর্থকরা। এর আগে বৃহস্পতিবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরার রাস্তায় বিক্ষোভ করে ৫ হাজারেরও বেশি সদর সমর্থক। শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা মাইক মুলেন শুক্রবার বাগদাদ সফরকালে বলেন, ইরাক ২০১১ সালের পরও মার্কিন সেনা রাখতে চায় কিনা এ ব্যাপারে কয়েক সপ্তাহের মধ্যে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে। মুলেনের এ বক্তব্যের পরদিনই সদর অনুসারীরা বিক্ষোভে নামে। ইরাকি বাহিনীকে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার জন্য সেখানে রয়েছে প্রায় ৪৭ হাজার মার্কিন সেনা। প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বলেছেন, ইরাকের পুলিশ ও সেনাবাহিনী নিজ দেশের নিরাপত্তা বিধানের জন্য প্রস্তুত। ৩১ ডিসেম্বরের পর আর মার্কিন সেনার প্রয়োজন পড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৭ ঘ.