২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়তে রাজি সালেহ

ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাব অনুযায়ী সমঝোতা চুক্তিতে বিক্ষোভকারীদের সই করার ৩০ দিনের মধ্যে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাব অনুযায়ী সমঝোতা চুক্তিতে বিক্ষোভকারীদের সই করার ৩০ দিনের মধ্যে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। তবে এখনই সালেহর পদত্যাগ দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীদের একাংশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় আরব দেশগুলোর সমঝোতা প্রস্তাব সরকার মেনে নিয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। উপসাগরীয় আরব দেশগুলোর আঞ্চলিক জোট 'গালফ কোঅপারেশন কাউন্সিল'র (জিসিসি) সমঝোতা প্রস্তাবে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য সালেহকে বিচারের মুখোমুখি না করার সুপারিশ করা হয়েছে। কিন্তু বিরোধীদল সালেহর বিচার এড়ানোর প্রস্তাব সমর্থন করলেও তাতে ক্ষোভ প্রকাশ করছে অনেক বিক্ষোভকারী। বিরোধী দলের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন ইব্রাহিম আল-বাদানি নামের এক বিক্ষোভকারী। তিনি বলেন, প্রেসিডেন্ট বিদায় না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। জিসিসির প্রস্তাব অনুযায়ী সালেহর ক্ষমতা ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক বিবৃতিতে ইয়েমেনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিউনিসিয়া ও মিশরের সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়। দুমাস ধরে চলমান এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সরকার সমর্থকদের সহিংসতায় অন্তত একশ' ২০ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৩২১ ঘ.