২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ বর্বরোচিত সহিংসতা এখনই বন্ধের দাবি ওবামার

সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার প্রায় ৯০ জনের মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

আম্মান, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার প্রায় ৯০ জনের মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এখনই বন্ধ করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। শুক্রবারের সহিংসতার নিন্দা জানিয়ে ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ইরানের সাহায্যপ্রার্থী বলে অভিযুক্ত করেছেন। "বিক্ষোভ দমনে বর্বরোচিত সহিংসতা এখনই বন্ধ হওয়া দরকার", প্রদত্ত এক বিবৃতিতে বলেন ওবামা। "নিজ দেশের জনগণের কথা শোনার চেষ্টা না করে প্রেসিডেন্ট আসাদ অন্য দেশকে দোষারোপ করছেন। সিরিয়ার গণজাগরণ দমাতে ইরানের সাহায্য নেওয়ার চেষ্টা করছেন যারা বর্বরোচিত পন্থায় নিজ দেশে গণজাগরণ দমন করেছিল", বলেন তিনি। সহিংসতার নিন্দা জানিয়ে ফ্রান্স বলেছে তারা এ ঘটনায় "অতন্ত্য উদ্বিগ্ন"। এদিকে, নিহতদের দাফনের সময় শনিবার দেশব্যাপী সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের আশংকা করা হচ্ছে। বিক্ষোভের সমন্বয়কারী একদল আন্দোলনকারী জানান, নিয়মিত বাহিনী ও আসাদ অনুগতদের গুলিতে শুক্রবার ৯০ জন নিহত হয়েছে। এর আগে অধিকারকর্মীরা কমপক্ষে ৭০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল। স্থানীয় আন্দোলন সমন্বয়কারী কমিটি রয়টার্সকে ৮৮জন নিহতদের নামঠিকানাসহ একটি তালিকা পাঠিয়েছে। তারা জানিয়েছে, বন্দর শহর লাতিকিয়া থেকে শুরু করে হমস, হামা, দামেস্ক এবং দক্ষিণাঞ্চলীয় গ্রাম ইজরায় এসব ব্যক্তি নিহত হয়েছেন। দুই কোটি মানুষের দেশ সিরিয়ায় দুর্নীতি ও রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শুক্রবার ছিল সবচেয়ে রক্তাক্ত দিন। দামেস্কের অধিকার কর্মীরা জানিয়েছেন, শনিবার নিহতদের জানাযার পর শোক মিছিল বিক্ষোভ মিছিলে পরিণত হবে আর তখন আবারও গুলি চালানো হবে। তারা যুক্তি দিয়ে বলেন, যখন এরকম নিরাপত্তা বাহিনী থাকবে তখন গুলি হবে না আশা করা কষ্ট কল্পনা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে নিরাপত্তা বাহিনী সহিংসতা থামাতে শুধু কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে। সিরিয়ায় নিযুক্ত বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, বিক্ষোভকারীদের শান্ত করতে আসাদ পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছেন। আর যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতীকী হয়ে দাঁড়িয়েছে। গত মার্চের মাঝামাঝি থেকে সিরিয়ায় রাজনৈতিক স্বাধীনতা ও দুর্নীতি দমনের দাবিতে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ মিছিল চলছে। চলমান বিক্ষোভে শুক্রবারের নিহতসহ এ পর্যন্ত প্রায় ৩'শ লোক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.