ব্যাংকক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া সীমান্তে দুদেশের সেনা সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে।
থাইল্যান্ডের উত্তরপূর্ব সুরিন প্রদেশের টা মোয়ান ও টা ক্রাবেই মন্দির সংলগ্ন বনাঞ্চলে সীমান্ত নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপক্ষে গোলাবিনিময় হয়। দুদেশই আশপাশের গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে এবং গোলাগুলির জন্য একে অপরকে দোষারোপ করছে।
থাই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল থাওয়াতচাই সামুতসাকারোন বলেন, "কম্বোডিয়া আমাদের অস্থায়ী ঘাঁটিতে গোলা হামলা শুরু করলে আত্মরক্ষার্থে আমরা পাল্টা হামলা চালাই।"
থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোলাগুলিতে থাইল্যান্ডের আধা-সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল চুম চোচেট এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় তিন ক্যাম্বোডীয় সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে। ক্যাম্বোডিয়ার সীমান্তবর্তী চারটি গ্রামে কামানের গোলা আঘাত হানলে সেনারা রকেট চালিত গ্রেনেড ছুড়ে তার জবাব দেয়।
সংঘর্ষের পরপরই ক্যাম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী হোর নামহং এ ঘটনার জন্য থাইল্যান্ডকে অভিযুক্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে এ সীমান্তের একশ' ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বের নয়শ' বছরের পুরনো প্রিয়া বিহার মন্দিরের মালিকানা নিয়ে দুদেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে সীমান্তে অস্ত্রবিরতির চুক্তিতে পৌঁছায় দেশ দুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০৮ ঘ.
bdnews24