ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুখতারান মাই গণধর্ষণ মামলার ছয় আসামির পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে বাকি পাঁচ আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর আগে লাহোর হাই কোর্টও একই রায় দিলেছিলো।
সুপ্রিম কোর্টের রায়ে ক্ষোভ প্রকাশ করে মুখতারান মাই পাকিস্তানে বিবিসির প্রতিনিধি শোয়েব হাসানকে বলেন, "হ্যা, আমার ও আমার পরিবারের সদস্যদের প্রতি হুমকি দেখা দিয়েছে-প্রাণনাশের হুমকি, এমনকি একই ঘটনা আবারো ঘটার হুমকি। যে কোনো কিছুই ঘটতে পারে।
"পুলিশ কখনো সঠিকভাবে আমার জবানবন্দি রেকর্ড করে নাই।"
"আদালতের প্রতি আমার আর কোনো আস্থা নেই। আমি এখন বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আইনি প্রক্রিয়া কি তা আমার জানা নেই। কিন্তু এ ব্যবস্থার ওপর থেকে আমার আস্থা উঠে গেছে"-বলেন মুখতারান।
২০০২ সালে মুখতারানের ওপর ঘটে যাওয়া পাশবিকতার কথা প্রকাশিত হলে সারা বিশ্বের দৃষ্টি কাড়ে ঘটনাটি। তখন থেকে পাকিস্তানে নারী অধিকারের পথিকৃত হয়ে আছেন তিনি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের আলী দেওয়ান হাসান বলেন, এ রায় পাকিস্তানে মানুষের কাছে 'খুব খারাপ কিছুর ইঙ্গিত' দিলো।
"এটা প্রমাণ করে নারীদের ওপর নির্যাতন-এমনকি ধর্ষণ করেও দণ্ড থেকে পার পাওয়া যায় এবং এ ধরনের অপরাধ ঘটতে থাকবে।"
পাকিস্তানের প্রভাবশালী মাস্তয় গোত্রের সদস্যদের গণধর্ষণের শিকার হয়েছিলেন মুখতারান। ওই গোত্রের এক নারীর সঙ্গে মুখতারানের ভাইয়ের প্রেমের সম্পর্ক থাকার অভিযোগের প্রেক্ষিতে শাস্তি হিসেবে ওই পাশবিকতার মুখোমুখি হয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১৪৪ ঘ.
bdnews24