ওয়াশিংটন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর জন্য বুধবার আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানায়, লিবিয়ায় বেসামরিকদের ওপর সরকারি বাহিনীর হামলা ও সহিংসতা বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বান পুরোপুরি কার্যকর করার করার বিষয়ে এই দুই নেতা একমত হয়েছেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ন্যাটো বাহিনীর নেতৃত্বে লিবিয়ায় সামরিক ও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযানের পাশাপাশি সহিংসতা বন্ধ করতে গাদ্দাফি প্রশাসনকে বাধ্য করতে তাদের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা দরকার বলে এ দুই নেতা আলোচনা করেছেন।
এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, প্রেসিডেন্ট ওবামা লিবিয়ায় মার্কিন সেনা পাঠানোর বিরুদ্ধে, তবে গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের পরামর্শ দেওয়ার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনা পাঠানোকে তিনি সমর্থন করেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট অবশ্যই এ সিদ্ধান্তের ব্যাপারে জানেন ও সমর্থন করেন। এ পদক্ষেপ বিরোধী পক্ষকে সাহায্য করবে বলেও তিনি আশা করেন।
তবে এর ফলে লিবিয়ায় মার্কিন সৈন্য না পাঠানোর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
ফ্রান্স লিবিয়াতে ১০ জন সামরিক উপদেষ্টা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। ব্রিটেন বলেছে বিদ্রোহীদের সাংগঠনিক ও যোগাযোগ দক্ষতা বাড়াতে ১২ জনের মতো সামরিক কর্মকর্তা পাঠাবে তারা। তবে বিদ্রোহীদের কোনো অস্ত্র সরবরাহ করবে না বলে নিশ্চিত করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৯ ঘ.
bdnews24