ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় ৪৮ বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের মুখে মঙ্গলবার এ পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
বিবিসি বলেছে, জরুরি আইন প্রত্যাহারের পাশাপশি রাজনৈতিক বন্দিদের বিচারে গঠিত বিশেষ আদালত স্টেট সিকিউরিটি কোর্টও বিলুপ্ত করা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভ অনুমোদন দিয়ে নতুন একটি আইন পাস হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারে মঙ্গলবার খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। এতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ স্বাক্ষর করবেন যা শুধু আনুষ্ঠানিকতা।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল-শহর বিক্ষোভ না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভকারীদের হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।
আরব বিশ্বের অন্যান্য দেশে গণতান্ত্রিক অধিকারের দাবিতে চলমান আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সিরিয়ায়ও বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত দুইশ'র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
মঙ্গলবার সকালেও হোমস শহরে বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে তাতে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। রোববার সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৭ জন নিহত হয়।
রোববার জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আসাদ বলেন, আগামী সপ্তাহ নাগাদ জরুরি আইন প্রত্যাহার করা হবে।
ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে ১৮ মার্চ দেরায় প্রথম বিক্ষোভ হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সহিংসতা চালালে সারাদেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
১৯৬৩ সাল থেকে বাথ পার্টির নেতারা সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ৩০ বছর রাষ্ট্রপ্রধান থাকার পর ২০০০ সালে হাফেজ আল-আসাদ মারা গেলে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল-আসাদ।
শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে আসাদ বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বের বিষয়। নিজেদের শক্তি বাড়াতে সংস্কার প্রয়োজন।
গত সপ্তাহে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন আসাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৫৭ ঘ.
bdnews24