কলোম্বো, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ের শেষ দিনগুলোতে সরকার এবং এলটিটিই দুপক্ষেরই যুদ্ধপরাধের আলামত পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ নিয়োজিত তদন্ত প্যাানেল।
চূড়ান্ত লড়াইয়ের ওই দিনগুলোতে লাখো বেসামরিক মানুষ নিহত হওয়া এবং যুদ্ধপরাধ সংঘটিত হওয়ার অভিযোগের বিশ্বাসযোগ্যতা খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ প্যানেল।
এর জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত এবং তাদের বিচার করারও আহ্বান জানিয়েছে তারা।
প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, "প্যানেল অভিযোগের বিশ্বাসযোগ্যতা খুঁজে পেয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে দেখা যাবে শ্রীলংকায় সরকার এবং এলটিটিই দুপক্ষই মারাত্মকভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। যার কয়েকটি অপরাধ যুদ্ধপরাধের পর্যায়ে পড়ে।"
প্রতিবেদনটির অংশবিশেষ শ্রীলংকার পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। জাতিসংঘ প্যানেলের এই প্রতিবেদনে শ্রীলংকা সরকার বড় ধরনের চাপের মুখে পড়বে।
শ্রীলংকা সরকার বরাবরই এলটিটিই'র সঙ্গে ওই লড়াইয়ের সময় সাধারণ নাগরিকদের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩০ ঘ.
bdnews24