ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দু'দশকের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ভোটাভুটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার বেলা ১২টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৩টায় ভোটগ্রহণ শেষ হবে।
২০ জন প্রার্থীর মধ্যে গুডলাক জনাথন আবারো প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। গতবছর কিডনির সমস্যায় প্রেসিডেন্ট উমারু ইয়ারডুয়া মারা যাওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্বে আসেন গুডলাক।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, জনাথনের মূল প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মাদু বুহারি। কংগ্রেস ফর প্রোগ্রেসিভ চেঞ্জের নেতা বুহারি দেশটির উত্তরাঞ্চলে বেশ জনপ্রিয়। এর আগে ২০০৩ ও ২০০৭ সালের নির্বাচনেও লড়েন তিনি।
ভোট শুরু হওয়ার আগে মাইডুগুরি শহরে দুটি বিস্ফোরণ হলেও তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিএনএন জানায়, দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন এড়াতে বিজয়ীকে দেশটির ৩৬টি প্রদেশ ও রাজধানীর মোট ভোটের দুই তৃতীয়াংশের অন্তত এক চতুর্থাংশ পেতে হবে। সাত কোটি ৪০ লাখ ভোটার এ নির্বাচনে অংশ নেবে।
এর আগে ৯ এপ্রিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৩৬০ আসনে এবং সিনেটের ১০৯ আসনে ভোট হয়। সে ভোটে অনেক আসন হারায় গুডলাকের পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। ২৬ এপ্রিল প্রাদেশিক গর্ভনর নির্বাচনে ভোট দেবে নাইজেরিয়ানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯২৬ ঘ.
bdnews24