এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলা এখন আর কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে না বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।
সোমবার গেরিলা গোষ্ঠী ন্যাশানাল লিবারেশন আর্মি (ইএলএন)'র সন্দেহভাজন দুই বিদ্রোহীকে হস্তান্তর করায় ভেনেজুয়েলার প্রশংসাও করেছেন সান্তোস।
বিবিসি অনলাইন জানায়, মাদ্রিদ সফরকালে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সান্তোস বলেন, গত বছর কলম্বিয়ার গোয়েন্দা সংস্থা ভেনেজুয়েলায় বিদ্রোহীদের যে ক্যাম্প সনাক্ত করেছিল তা এখন আর নেই।
তার মতে, ফার্ক বিদ্রোহীদের সীমান্ত অতিক্রমে বাধা দেওয়ার যে অঙ্গীকার তা পূরণ করছে ভেনেজুয়েলা।
বামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের যে ঘোষণা ভেনেজুয়েলা দিয়েছিল ইএলএন গেরিলা বাহিনীর দুই সদস্যকে হস্তান্তর তারই প্রমাণ দেয় বলেও জানান তিনি।
কলম্বিয়ার নৌবাহিনীতে চালানো হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এ দুই ব্যক্তির বিরুদ্ধে।
ভেনেজুয়েলায় কলম্বিয়ার ফার্ক গেরিলাদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিব অভিযোগ করায় গত বছর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
তবে বর্তমান প্রেসিডেন্টের বক্তব্যের বিষযে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট উরিব। টুইটারে ফার্ক বিদ্রোহীরা কোথায় রয়েছে এমন প্রশ্ন করে তার উত্তর উরিব নিজেই দিয়েছেন। বিদ্রোহীরা ভেনেজুয়েলায় রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
গেরিলাদের নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে বলে কলাম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট আলভারো উরিবের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের জুলাই মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।
উরিব ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত হতে শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.
bdnews24