নিউ ইয়র্ক, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ টেলরের সংগ্রহে থাকা অলঙ্কার, শিল্পকর্ম, পোশাক ও স্মারক সামগ্রী নিলামের সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান খ্রিস্টি'স আমেরিকাস।
শনিবার এক বিবৃতিতে তারা জানায়, কয়েকটি নিলামের মাধ্যমে মূল্যবান এসব সামগ্রী বিক্রি করা হবে। তবে নিলামের বিস্তারিত বিষয় ও তারিখ পরে জানানো হবে।
খ্রিস্টি'স আমেরিকাস জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমিরেটাস স্টিফেন ল্যাশ ও চেয়ারম্যান মার্ক পর্টার দুই দশকেরও বেশি সময় ধরে টেলর ও তার পরিবারের সদস্যদের স্মারক সামগ্রী রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এ জন্য তারা সম্মান বোধ করেন।
দুই দুইবার অস্কার পুরস্কার জয়ী এলিজাবেথ টেলর গত ২৩ মার্চ লস এঞ্জেলসে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
খ্যাতনামা এ চলচ্চিত্র অভিনেত্রীর রোগভোগের দীর্ঘ ইতিহাস আছে। সারা জীবনই বিভিন্ন সময় রোগভোগ করে এসেছেন তিনি। মৃত্যুর আগে হৃদযন্ত্রের সমস্যার কারণে তার চিকিৎসা চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪২ ঘ.
bdnews24