২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শান্তি পরিকল্পনায় সম্মত গাদ্দাফি'

লিবিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আফ্রিকান ইউনিয়ন (এইউ) পরিকল্পিত রোডম্যাপ বাস্তবায়ন এবং দ্রুত অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 04:53 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ত্রিপোলি, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আফ্রিকান ইউনিয়ন (এইউ) পরিকল্পিত রোডম্যাপ বাস্তবায়ন এবং দ্রুত অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। এইউ'র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি সোমবার এ খবর জানানো হয়। গাদ্দাফির ক্ষমতা ছাড়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে এতে জানানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। লিবিয়ার সহিংসতা বন্ধে প্রচেষ্টার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে আফ্রিকান নেতাদের একটি দল রোববার ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বিবিসি অনলাইন জানায়, "ভ্রাতৃপ্রতীম নেতা (গাদ্দাফি) আমরা যে রোডম্যাপ উপস্থাপন করেছি তা মেনে নিয়েছেন" বলে ঘোষণা দেন জুমা। এরআগে লিবীয় সরকারের বিভিন্ন স্থাপনা ও সেনা বাহিনীর ওপর বিমান হামলা বন্ধে ন্যাটোর প্রতি আহ্বান জানান জুমা। 'অস্ত্রবিরতির সুযোগ' দেওয়ার জন্য জুমা এই আহ্বান জানান। তবে এর পরিপ্রেক্ষিতে ন্যাটোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জুমা দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন। তবে তার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য আফ্রিকান নেতাদের সঙ্গে লিবিয়ায় অবস্থান করবেন। সোমবার এইউ'র প্রতিনিধি দলের বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বেনগাজি সফরের কথা রয়েছে। এদিকে, বিদ্রোহীদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, চার দশক ধরে ক্ষমতায় থাকা গাদ্দাফি জমানার অবসান ছাড়া তারা অন্যকিছু মেনে নেবে না তারা। কিন্তু লিবীয় কর্মকর্তারা বলছেন, গাদ্দাফি ক্ষমতা ছাড়বেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৯ ঘ.