২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজেটঅচলাবস্থা এড়ানো গেলেও মতভেদ কাটেনি এখনো

যুক্তরাষ্ট্র প্রশাসনের একটি অংশকে অচল হওয়ার অবস্থা থেকে রক্ষায় কংগ্রেসে অনুমোদিত অর্র্ন্তবতীকালীন বরাদ্দে সই করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সাময়িক সমঝোতা হলেও সামনে চূড়ান্ত সমঝোতার পথে বড় বিতর্ক এখনো রয়ে গেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ওয়াশিংটন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র প্রশাসনের একটি অংশকে অচল হওয়ার অবস্থা থেকে রক্ষায় কংগ্রেসে অনুমোদিত অর্র্ন্তবতীকালীন বরাদ্দে সই করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সাময়িক সমঝোতা হলেও সামনে চূড়ান্ত সমঝোতার পথে বড় বিতর্ক এখনো রয়ে গেছে। সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল এ অন্তবর্তীকালীন বরাদ্দের মেয়াদ শেষ হবে। তার আগে চলতি অর্থবছরের শেষ ছয় মাসের বাজেট কংগ্রেসে পাস হতে হবে। এক সপ্তাহের এ বরাদ্দে প্রস্তাবিত বরাদ্দের চেয়ে দুইশ' কোটি ডলার কমানো হয়েছে। শুক্রবার মধ্যরাতে আগের বাজেটের মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে প্রস্তাবিত বাজেট থেকে ৩ হাজার ৮০০ কোটি ডলার ছাঁটতে দু'পক্ষের সমঝোতার পর সিনেট সদস্যরা তাৎক্ষণিকভাবে এ অন্তবর্তীকালীন বরাদ্দের মৌখিক অনুমোদন দেয়। শনিবার সকালে তা অনুমোদন দেয় পার্লামেন্টের নিুকক্ষ প্রতিনিধি পরিষদ। শনিবার সকালে সাপ্তাহিক ভাষণে সমঝোতা হওয়া ছয় মাসের বাজেট সম্পর্কে ওবামা বলেন, এটা আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয় হ্রাস। এ সঙ্কোচন 'কষ্টকর' হলেও দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য প্রয়োজনীয়। এ সমঝোতা দ্বিপক্ষীয় সহযোগিতার মডেল। তিনি বলেন, "কোনো বিষয়ে তাৎক্ষণিক সমঝোতার মতো বিভিন্ন ইস্যুতে উভয়পক্ষের কঠোর সিদ্ধান্তে যেতে হবে এবং নিজেদের মতামতের পিছনে যুক্তি তুলে ধরতে হবে।" রিপাবলিকান পার্টির নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, "অনেক বিষয়ে আলোচনা এবং দীর্ঘ লড়াই হয়েছে।" "আমাদের দেশে বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে লড়ছে রিপাবলিকানরা।" তবে এ ব্যয় সঙ্কোচনে সরকারি খাতে তহবিলের কোনো সমস্যা হবে না জনগণকে আশস্ত করেছেন মার্কিন কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অর্র্ন্তবতীকালীন বরাদ্দে সইয়ের পর উৎফুল্ল ওবামা লিংকন মেমোরিয়াল পরিদর্শন করেন। সমবেত দর্শনার্থীরাও হর্ষধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। অর্র্ন্তবতীকালীন ব্যয়ের বিষয়ে দুই পক্ষের সমঝোতা হওয়ায় যুক্তরাষ্ট্রে প্রশাসনের একটি অংশ অচল হওয়ার অবস্থা থেকে রক্ষা পায়। এ সমঝোতা না হলে শুক্রবার মধ্যরাতের পর কেন্দ্রীয় সরকারের ৮ লাখ কর্মী হতো কর্মহীন, দেশটির বিভিন্ন জাতীয় উদ্যান ও স্মৃতিসৌধগুলো বন্ধ হয়ে যেত। তবে ২০১২ সালের বাজেট ও বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে বিতর্ক এখনো রয়ে গেছে। রিপাবলিকানরা এরই মধ্যে ঘোষণা করেছে, এই সমঝোতা মানে এই নয় যে পরবর্তী বাজেটে তারা কোনো ছাড় দেবে। তারা সরকারের ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি নিয়ে এরই মধ্যে সমালোচনায় মুখর হয়েছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য পল রিয়ন বলেন, "জাতি কী সমস্যার মুখোমুখি রয়েছে, তা জনগণকে জানাচ্ছে না সরকার।" বাজেটে স্বাস্থ্য খাতে আগামী একযুগে ধাপে ধপে ৬ ট্রিলিয়ন ব্যয় কমানোর প্রস্তাব ইতোমধ্যে উপস্থাপন করেছেন তিনি। তবে রিপাবলিকানদের প্রস্তাবে সায় দিতে নারাজ অধিকাংশ ডেমোক্রেট সদস্য। তারা বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের শ্রমজীবীদের ওপর চাপ সৃষ্টি করবে। গত নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কোনো রকমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেও নিুকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হারায় প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেট পার্টি। মূলত সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই বাজেট পাস করা নিয়ে ওই সঙ্কটের মধ্যে পড়ে ওবামা প্রশাসন। বাজেট কাটছাঁট বিষয়ে প্রেসিডেন্ট ওবামা বলছেন, বাজেট ছেঁটে ফেলাটা অত্যন্ত কষ্টকর হলেও জরুরি ছিলো। তিনি বলেন, "এর ফলে জনগণ নির্ভর করে এমন কিছু সেবা বন্ধ হয়ে যাবে এবং কিছু অবকাঠামোগত উন্নয়ন আটকে যাবে। এ অবস্থায় না পড়লে আমি কখনোই এ সঙ্কোচন করতাম না।" রিপাবলিকানরা শুরুতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস মেয়াদি প্রস্তাবিত বাজেট থেকে ৬ হাজার ১০০ কোটি ডলার কমানোর দাবি করে। গর্ভনাশ (অ্যাবরশন) ও পরিবেশ সুরক্ষাসহ বেশ কয়েকটি খাত থেকেও ব্যয় কমানোর দাবি তোলেন বিরোধীদলীয় কংগ্রেস সদস্যরা। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির নেতারা বলেন, রিপাবলিকানদের প্রস্তাব সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিকে ব্যাহত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এমআই/১৪১৯ ঘ.