২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিক্ষোভে গুলি, নিহত ২৩

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নতুন করে শুরু হওয়া বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন, গুলিতে ২৩ জন নিহত ও অনেকে আহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর এক সদস্য এবং এক অ্যাম্বুলেন্সকর্মী রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সিএনএন এক খবরে বলেছে, গুলিতে আহত হয়েছে অন্তত ৪০ জন। এছাড়া হোমস, ডুমা এবং হারাস্তায়ও বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে বিবিসি জানিয়েছে। এর আগে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, "আমি রাস্তায় রক্তমাখা তিনটি লাশ পড়ে থাকতে দেখেছি। মাহাত্তা এলাকায় আত্মীয়স্বজনরা লাশ নিয়ে যাচ্ছিলো।" রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাও দেরায় বিক্ষোভে গুলির খবর জানায়। মার্চের মাঝামাঝি থেকে গণতান্ত্রিক অধিকারের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ চলছে। তখন থেকে বিক্ষোভের কেন্দ্র হয়ে উঠেছে দেরা শহরটি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের পাশাপাশি সংস্কারের উদ্যোগও নেন। বিক্ষোভ দমানোর সর্বশেষ চেষ্টা হিসাবে তিনি কুর্দিদের নাগরিকত্ব মঞ্জুরের প্রস্তাব দেওয়াসহ ৪৮ জন কুর্দিকে জেল থেকে মুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। উত্তরপূর্বাঞ্চলের শহর কামিশলিতে কুর্দিরা স্লোগান দিয়েছে, "কুর্দি না, আরব না, সিরিয়ার জনগণ এক। দেরায় শহীদদের সেল্যুট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/০০০১ ঘ.