মিলান, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির যৌন কেলেঙ্কারির মামলা বুধবার শুরু হওয়ার ১০ মিনিট পরই মুলতবি হয়ে গেছে ৩১ মে পর্যন্ত।
অপ্রাপ্তবয়স্ক একজন নর্তকীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে বার্লুসকোনির বিচারকাজের শুনানি শুরু হয়েছিলো মিলানের একটি আদালতে।
কিন্তু এতে বার্লুসকোনি এবং ওই নর্তকী কেউই উপস্থিত হয়নি। বার্লুসকোনি আগেই যৌন মামলার শুনানিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।
ফলে তার অনুপস্থিতিতে বুধবার বিচার শুরু হওয়ার পর মাত্র ১০ মিনিট শুনানি চলে। তারপর তা মুলতবি হয়ে যায়।
তবে অধিকাংশ পর্যবেক্ষকই ধারণা করছেন, ঘন ঘন শুনানি পিছানোর মধ্য দিয়ে বার্লুসকোনির দীর্ঘ একটি বিচার প্রক্রিয়া চলবে। বিচারকাজের প্রতিটি ধাপে চলবে আইনি লড়াইও।
আগামী দিনগুলোতে বিচারে ২০ হাজার পাতার তথ্য-প্রমাণসহ ৪০ জন নারীকেও সাক্ষী হিসাবে আদালতে হাজির করা হবে।
বার্লুসকোনির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ রয়েছে। কিন্তু তিনি সব অভিযোগই অস্বীকার করে বলে আসছেন, এ সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিচারে দোষী সাব্যস্ত হলে বার্লুসকোনির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৫ ঘ.
bdnews24