২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় জাতিসংঘ বিমান দুর্ঘটনায় ৩২ জন নিহত

কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

কিনসাসা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। সোমবার কঙ্গোর রাজধানী কিনসাসায় বিমানটি অবতরণের চেষ্টাকালে এই দুর্ঘটনা ঘটে। জাতিসংঘ কর্মকর্তারা জানান, বিমানটিতে ৩৩ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিউ ইয়র্কে জানান, বিমানটি কঙ্গো ও বিদেশি আরোহীদের বহন করছিল। জাতিসংঘ শান্তিরক্ষী প্রধান অ্যালেন লে রয় নিউ ইয়র্কে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য। কিনসাসায় অবস্থানকারী নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একটি সূত্রে জানা যায়, "বিমানটি প্রচণ্ডভাবে আছড়ে পড়ে দু'টুকরো হয়ে যায় এবং এরপরই এতে আগুন ধরে যায়।" এসময় প্রচণ্ড বাতাস বইছিল বলেও জানান তিনি। এর আগে এ দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জোসেফ কিবোকো বলেন, কিনসাসা বিমানবন্দরে অবতরণের সময় ঝড়ো বাতাসের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে বিমানটি কিনসাসায় যাচ্ছিল বলে জানা যায়। বিদ্রাহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য কঙ্গোয় জাতিসংঘের ১৯ হাজার শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। দেশটিতে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত গৃহযুদ্ধে প্রায় ৫০ লাখ মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৯ ঘ.