রোম, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালি সোমবার লিবিয়ার বিদ্রোহীদের দেশের জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দিয়েছে ।
একইসঙ্গে বিদ্রোহীদের পূর্ণ সমর্থন দিয়ে তাদেরকে লড়াইয়ে অস্ত্র সরবরাহ করা এবং পুনর্গঠনের জন্য সাহায্য পাঠানোরও প্রতিশ্র"তি দিয়েছে ইতালি।
পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংকো ফ্রাতিনি বলেন, ইতালি লিবিয়ার বিদ্রোহী পরিষদকে লিবিয়ার একমাত্র রাজনৈতিক এবং বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্রোহী পরিষদের সদস্য আলী এসাওয়ি'র সঙ্গে আলোচনার পর ফ্রাতিনি একথা বলেন।
এর মধ্য দিয়ে এটি পরিস্কার যে, ইতোপূর্বে ইউরোপে লিবিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ ইতালি এখন বিদ্রোহী দল লিবিয়ান ন্যাশনাল কাউন্সিলকে পূর্ণ সমর্থন দিচ্ছে।
ওদিকে, যুদ্ধবিরতির জন্য গাদ্দাফি প্রশাসন কূটনৈতিক উদ্যোগ নিয়ে ইউরোপে যে দূত পাঠাচ্ছেন তাদের প্রস্তাবগুলো বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে ইতালি।
একইসঙ্গে গাদ্দাফিকে সপরিবারে লিবিয়া ছাড়তে হবে বলে দাবি করেছে রোম।
লিবিয়ায় যুদ্ধ অবসানের বার্তা নিয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দেলাতি ওবেইদি রোববার গ্রিসে যান।
এরপর গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফ্রাতিনি বলেন, গাদ্দাফির দূত যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্র"তি দিয়েছেন, কিন্তু গাদ্দাফির বিদায়ের ব্যাপারে কোনো কথা বলেননি।
কোনোরকম আপোসমীমাংসার ক্ষেত্রে এটি অন্যতম শর্ত। সুতরাং, তার প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না, বলেন তিনি।
ফ্রাতিনি বলেন, "লিবিয়ার সঙ্কট সমাধানের একটি পূর্বশর্ত আছে। আর তা হচ্ছে গাদ্দাফির শাসনের অবসান এবং সপরিবারে গাদ্দাফির দেশ ত্যাগ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৭ ঘ.
bdnews24