সানা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর পদত্যাগের দাবিতে বিক্ষোভে সোমবার আবার গুলি চালিয়েছে পুলিশ। তিজ এবং হুদাইদা শহরে বিক্ষোভকারীদের ওপর গুলিতে বহু মানুষ হতাহত হয়েছে।
তিজ শহরে গুলিতে কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের কয়েকটি সূত্র। অন্যদিকে, হুদাইদা শহরে গুলিতে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। অন্য আরেকটি হাসপাতাল সূত্রে একথা জানা গেছে।
আহতদের ৩০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।
এর আগে রোববার ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।
ইয়েমেনে চলমান বিক্ষোভ এবং দমনপীড়নের মুখে যুক্তরাষ্ট্রও এখন প্রেসিডেন্ট সালেহ এর পদত্যাগ চাইছে।
বিক্ষোভকারীদের দাবি মেনে প্রেসিডেন্ট সালেহ সংস্কারের পথে হাঁটবেন না মন্তব্য করে যুক্তরাষ্ট্র বলেছে, সালেহ এর সরে দাঁড়ানো উচিত।
যুক্তরাষ্ট্র ও ইয়েমেনি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা রোববার এ খবর দিয়েছে।
৩২ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা সালেহ পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানালেও বলেছেন, তিনি হঠাৎ করে ক্ষমতা ছাড়লে বিশৃঙ্খলা দেখা দেবে।
প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এ পর্যন্ত সালেহ কে সমর্থন দিয়ে আসলেও গত সপ্তাহে এ অবস্থান থেকে সরে এসেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24