২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারেও সহিংসতা, নিহত ৯

এক মার্কিন খ্রিস্টান যাজকের কথিত কোরআন পোড়ানোর প্রতিবাদে কান্দাহারে বিক্ষোভরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

কান্দাহার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক মার্কিন খ্রিস্টান যাজকের কথিত কোরআন পোড়ানোর প্রতিবাদে কান্দাহারে বিক্ষোভরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। একই অভিযোগে শুক্রবার আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে জাতিসংঘ কার্যালয়ে হামলা চালানোর পরদিন কান্দাহারেও সহিংসতায় নয়জন নিহত হয়। শনিবারের সহিংসতায় অন্তত ৭০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন কান্দাহারের গভর্নর জালমে আয়ূবির মুখপাত্র। তিনি বলেন, কথিত কোরআন পোড়ানোর বিষয়টিকে পুঁজি করে এখানে ন্যাটোর অভিযানে বাধা দিতে এ বিক্ষোভের আয়োজন করেছে তালেবান। কান্দাহারের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাউয়ুম পোখলা জানান, লাশ দেখে মনে হয়েছে তাদের লাঠিপেটা ও পাথর দিয়ে আঘাত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা দেশটিতে জাতিসংঘ মিশনের (ইউএনএএমএ) অপারেশন সেন্টারে সশস্ত্র হামলা চালায়। তাতে সাত বিদেশি জাতিসংঘকর্মীসহ ১২ জন নিহত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার এক বিবৃতিতে ওই হামলাকে 'নির্মম ও কাপুরুষোচিত' উল্লেখ করে বলেন, কোনো যুক্তিতেই এ হামলা মেনে নেওয়া যায় না। "হামলায় নিহতরা আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছিলেন।" জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায়। শুক্রবারর হামলার পরপর পরিষদের ১৫টি সদস্য দেশ জরুরি বৈঠকে বসে। এরপর এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের কর্মী ও স্থাপনা রক্ষায় 'সম্ভাব্য সব পদক্ষেপ' গ্রহণ এবং হামলাকারীদের বিচারের কাঠগড়ায় আনতে আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১২২ ঘ.