২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জাতিসংঘ কম্পাউন্ডে হামলায় নিহত ১২

আফগানিস্তানের মাজার-ই-শরিফে শুক্রবার জাতিসংঘ কম্পাউন্ডে বিক্ষুদ্ধ আফগান জনতার হামলায় কমপক্ষে ৭জন জাতিসংঘকর্মীসহ ১২জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মাজার-ই-শরিফ (আফগানিস্তান), এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের মাজার-ই-শরিফে শুক্রবার জাতিসংঘ কম্পাউন্ডে বিক্ষুদ্ধ আফগান জনতার হামলায় কমপক্ষে ৭জন জাতিসংঘকর্মীসহ ১২জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক যাজকের কোরান পোড়ানোর কথিত ঘটনার প্রতিবাদে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। সাধারণত শান্ত শহর মাজার-ই-শরিফে শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার মুসল্লি রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভমিছিলসহ জাতিসংঘ মিশনের দিকে এগিয়ে যায় এবং হামলা চালায়। হামলাকারী জনতা নিরাপত্তারক্ষীদের প্রতিরোধ গুড়িয়ে দিয়ে কম্পাউন্ডের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এসময় বিস্ফোরণে নিরাপত্তারক্ষীদের একটি টাওয়ার বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মী, চারজন আন্তর্জাতিক গুর্খা নিরাপত্তা রক্ষী ও পাঁচজন বিক্ষোভকারী বলে জানা গেছে। এ ঘটনায় আরো অন্তত বিশজন আহত হয়েছে। বলখ প্রদেশের গভর্নর আতা মোহাম্মদ নূর জানিয়েছেন, বিদ্রোহী জঙ্গিরা জাতিসংঘ মিশনে হামলার সুযোগ নিয়েছে। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিছিলকারীদের অনেকেই অস্ত্র বহন করছিল। হামলার ঘটনায় এ পর্যন্ত ২৭ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রধান আ্যালেন লে রয় নিউইয়র্কে সাংবাদিকদের জানান, বিক্ষোভকারীদের কিছু অংশ স্পষ্টতই সশস্ত্র ছিল। তবে জাতিসংঘ তাদের হামলার লক্ষ্য ছিল কিনা এ ব্যাপারে তারা নিশ্চিত নন বলে জানান তিনি। তিনি বলেন, হামলার জন্য বিক্ষোভকারীরা সম্ভবত একটি আন্তর্জাতিক লক্ষ্য খুঁজছিল। মাজার-ই-শরিফে যার শিকার হয় জাতিসংঘ। হামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদ এ হামলার নিন্দা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩২ঘ.