ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নিজের শহর সিরত দখলে প্রবল বাধার মুখে পড়েছে বিদ্রোহী বাহিনী।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হওয়া বিদ্রোহী বাহিনীর সঙ্গে গাদ্দাফি অনুগত বাহিনীর তুমুল লড়াই চলছে।
শহরটির ১৮০ কিলোমিটার পূর্বের নাওফালিয়া শহরে দু'পক্ষের মধ্যে লড়াই চলছে। গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের ওপর কামানের গোলা নিক্ষেপ করছে।
এর আগে বিদ্রোহীদের মুখপাত্র শামসিদ্দিন আবদুলমোলাহ দাবি করেন, গাদ্দাফি বাহিনীর কাছ থেকে শহরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা যেন সহজে শহরটির নিয়ন্ত্রণ পারে সে লক্ষ্যে সেখানে বিমান হামলা চালায় যৌথবাহিনী। হামলায় তিনজন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে লিবিয়া সরকারের এক মুখপাত্র।
গাদ্দাফির অনুগত বাহিনীর ওপর পশ্চিমা যৌথবাহিনীর বিমান হামলার সুযোগ নিয়ে শনিবার আজদাবিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর রোববার তেলবন্দর রাস লানুফসহ আরো চারটি শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী বাহিনী।
বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা এই প্রথম সিরতের মুখে এসে প্রবল বাধার মুখে পড়েছে।
বিদ্রোহী কমান্ডার জেনারেল হামদি হাসি বিন জাওয়াদে বলেন, সিরতের নিয়ন্ত্রণ নেওয়া সহজ হবে না। কারণ ন্যাটো তাদের ওপর যে সব অস্ত্র ব্যবহার করছে আমরাও প্রায় সে ধরনের সমরাস্ত্রের মুখোমুখি হচ্ছি।
ওদিকে, গাদ্দাফির অনুগত বাহিনী পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতারও একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। শনিবার সেখানে গাদ্দাফি বাহিনীর ওপর ফরাসি ও ব্রিটিশ যুদ্ধবিমান হামলা চালায়।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ শহরটিতে সোমবার অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা লোকদেখানো বলে প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, লিবিয়ায় পশ্চিমা অভিযানের আবারো নিন্দা জানিয়েছে রাশিয়া।
লিবিয়া নিয়ে লন্ডনে ৩৫টি দেশের প্রতিনিধিদের বৈঠকের প্রাক্কালে সংকট নিরসনে লিবিয়ায় অস্ত্রবিরতি, গাদ্দাফির নির্বাসন এবং বিদ্রোহী ও আদিবাসী নেতাদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে ইতালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩২০ ঘ.
bdnews24