বেনগাজি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির শহর সিরত সোমবার দখল করে নিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের এক মুখপাত্র এ খবর জানান।
তবে তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিদ্রোহীদের মুখপাত্র শামসিদ্দিন আবদুলমোলাহ বলেন, "এটি নিশ্চিত যে, গণতন্ত্রপন্থীরা সিরত তাদের দখলে নিয়েছে"।
তিনি আরো বলেন, বিদ্রোহীরা গাদ্দাফিপন্থীদের কাছ থেকে তেমন কোনো প্রতিরোধের মুখোমুখি হয়নি। সিরত দখলে নেওয়ার খবর পেয়ে বেনগাজিতে উৎসব শুরু হয়ে যায়। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বেনগাজিতে আকাশে গুলি ছুঁড়ে এবং রাস্তায় গাড়ির হর্ন বাজিয়ে আনন্দ প্রকাশ করে অধিবাসীরা।
এদিকে, লিবিয়ার পূর্বাঞ্চল আর দখলে রাখতে পারছেন না গাদ্দাফি। আন্তর্জাতিক বাহিনীর সহায়তা নিয়ে বিদ্রোহীরা পুনরায় একের পর এক শহর দখলে নিচ্ছে। পূর্বাঞ্চলের আশা ছেড়ে এখন তিনি পশ্চিমের নিয়ন্ত্রণ ধরে রাইতে চাইছেন।
এদিকে, রোববার লিবিয়ায় সেনা অভিযানের পূর্ণ নেতৃত্ব দিতে সম্মত হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।
এর আগে বৃহস্পতিবার লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার দায়িত্ব নেয় ন্যাটো। এ লক্ষ্যে এই সামরিক জোট ৯০ দিনের অভিযান পরিচালনার পরিকল্পনাও করে।
লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং সরকারি বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষকে রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ থেকে সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ।
লিবিয়া অভিযানের নেতৃত্ব নেওয়া নিয়ে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতবিরোধ ছিলো। তবে সাত দিনের আলোচনা শেষে রোববার লিবিয়ায় সামরিক অভিযানের সম্পূর্ণ দায়িত্ব নিতে রাজি হয় জোটভুক্ত দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪০ ঘ.
bdnews24