আম্মান, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডানের বাদশাহর পক্ষ-বিপক্ষের সমর্থকদের সংঘর্ষথামাতে আইন-শৃঙ্খলাবাহিনীর সক্রিয় হওয়ার পর একজন নিহত হয়েছে। এ অবস্থায় বিশৃঙ্খলা সহ্য না করার সতর্কতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
পশ্চিমঘেঁষা নিয়ন্ত্রিত রাজতন্ত্রশাসিত জর্ডানে সংঘর্ষের জন্য দেশটির ইসলামপন্থী বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী মারুফ আল-বাখিত।
জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনকে মারুফ বলেন, যা হয়েছে তার ফলে বিশৃঙ্খলা শুরু হতে পারে। এটা কাম্য নয়। এর পরবর্তী ফল সম্পর্কে আমি সতর্ক করছি।
ইসলামবিরোধী দলের প্রতি সতর্কতা উচ্চারণ করে তিনি বলেন, আপনারা আগুন নিয়ে খেলছেন। আপনারা জর্ডানকে কোথায় নিয়ে যেতে চান?
নিহত বিক্ষোভকারী আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নিহত হয় বলে জানিয়েছে তার পরিবার। কিন্তু সরকারি সংবাদ মাধ্যম পেত্রা বলছে, পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টার সময় বিরোধীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
আরো এক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন।
এদিকে সাধারণ নিরাপত্তার প্রধান হুসেইন আল-মাজিদি বলেন, নিরাপত্তা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেনি। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বিক্ষোভকারীর মৃত্যু হয়।
এর সঙ্গে নিরাপত্তা বাহিনীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
জর্ডানে নিয়ন্ত্রিত রাজতন্ত্রের পুনর্গঠনের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছে ইসলামপন্থী, বামপন্থী, উদারপন্থী এবং উপজাতীয়রা। আরব বিশ্বের অন্যান্য দেশগুলো সংঘটিত গণবিক্ষোভের চেয়ে এ বিক্ষোভগুলো বেশ ছোট।
তবে জর্ডানে বসবাসকারী ফিলিস্তিনী বংশোদ্ভূত ও আদিবাসীদের মধ্যে চলতে থাকা উত্তেজনা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/পিডি/২৩৪৩ ঘ.
bdnews24