বেনগাজি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীকে হটিয়ে পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ার দখল নিয়েছে বিদ্রোহীরা।
বিদ্রোহী বাহিনীর সদস্য সরাগ আগোউরি শনিবার রয়টার্সকে বলেন, আমাদের যোদ্ধারা গাদ্দাফি বাহিনীকে হটিয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরো শহরটি এখন বিদ্রোহীদের দখলে।
এর আগে শুক্রবার ভোরে শহরের চারপাশে অবস্থান নেওয়া সরকারি বাহিনীর ট্যাঙ্ক ও অস্ত্রভাণ্ডারে বোমা হামলা চালায় পশ্চিমা যুদ্ধবিমান।
বিদ্রোহীরা জানায়, শুক্রবার পূর্বদিক থেকে তারা আজদাবিয়ায় ঢুকেছে। প্রচণ্ড লড়াই শেষে গাদ্দাফিপন্থী অনেক যোদ্ধাকে আটক করা হয়েছে বলেও দাবি করে তারা।
আজদাবিয়ায় ঢোকার পশ্চিমের গেটেও ব্যাপক গোলাগুলির চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এদিকে আফ্রিকান ইউনিয়ন (এইউ) বলেছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার আয়োজন করা যায় কি না সে ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে।
কিন্তু ন্যাটো জানিয়েছে, তাদের অভিযান তিন মাস চলতে পারে। সহসাই এই সংঘর্ষ শেষ হবে না বলে জানায় ফ্রান্স।
ত্রিপোলিতে শনিবার ভোরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি তার সমর্থক স্বেচ্ছাসেবীদের অস্ত্র দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা।
ভাইস অ্যাডমিরাল উইলিয়াম গোর্টনে বলেন, "গাদ্দাফির আকাশ প্রতিরক্ষার কোনো শক্তি নেই। তার অনুগত বাহিনীর আর যুদ্ধক্ষেত্রে লড়াই চালানোর ক্ষমতা নেই। পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়া ঘিরে অবস্থান নেওয়া লিবীয় বাহিনীর ট্যাঙ্ক ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/১৯০২ ঘ.
bdnews24