দামেস্ক, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- সিরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। দেরায় বুধবারের সংঘর্ষে ৩৭ জন নিহত হওয়ার পর দামেস্ক এবং হামা শহরে বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভ বাড়তে থাকার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কঠোর দমনাভিযানও চলছে।
দেরার কাছে সালামেন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জন নিহত হওয়ার খবর এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আল-জাজিরা।
রাজধানী দামেস্কয় গণতন্ত্রপন্থীদের পদযাত্রায় শুক্রবার কয়েক ডজন মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। একইদিনে হামা শহরেও মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শ শ মানুষ।
সিরিয়ায় এক সপ্তাহের অস্থিরতার প্রেক্ষাপটে শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভ ডাকে বিরোধীরা।
গত কয়েকদিনে দেরা শহরটি হয়ে ওঠে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের প্রাণকেন্দ্র।
দেরায় শুক্রবার প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের আল আসাদের নিন্দা জানিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। মাহের সিরিয়ার রিপাবলিকান গার্ডের প্রধান।
বিক্ষোভকারীরা 'মাহের তুমি কাপুরুষ' স্লোগান দিয়ে গোলান মালভূমি স্বাধীন করতে সেনা পাঠানোর দাবি জানায়।
অনিশ্চিত কয়েক সূত্রে জানা গেছে, অন্যান্য এলাকা থেকে একদল বিক্ষোভকারী দেরায় প্রবেশের চেষ্টা করলে ওই শহরের কাছাকাছি একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়।
জর্ডানের সীমান্ত সংলগ্ন দেরায় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার বেড়াজালের মধ্যেও আশেপাশের গ্রামগুলো থেকে দলে দলে মানুষ সেখানে বিক্ষোভে যোগ দিতে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ ঘ.
bdnews24