টোকিও, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরের পানিতে তেজস্ক্রিয়া ধরা পড়েছে।
অবশ্য দেশটির দাবি- এতে স্বাস্থ্য ঝুঁকির কোনো আশঙ্কা নেই।
জাপানের কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে, সাগর থেকে সংগ্রহ করা নমুনায় তেজস্ক্রিয় আয়োডিন ১২৬ দশমিক ৭ ও সিজিয়াম সহনীয় মাত্রার চেয়ে যথাক্রমে ২৪ দশমিক ৮ গুণ বেশি ধরা পড়েছে।
তবে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (টেপকো) কর্মকর্তারা দাবি করেছেন, এটা এখনই স্বাস্থ্য ঝুঁকির পর্যায় পৌঁছায়নি।
ওদিকে, ফুকুশিমার পাঁচটি পৌরসভায় শিশুর গুড়ো দুধের সঙ্গে ট্যাপের পানি না মেশানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব এলাকার পানিতে শিশুদের জন্য সহনীয় মাত্রার তেজস্ক্রিয়া ধরা পড়ার পর এ পরামর্শ দেওয়া হলো।
জাপান খাদ্যপণ্য আমদানি করলেও হংকং, চীন ও যুক্তরাষ্ট্রে ফলমূল, সবজি, ডেইরি পণ্য ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে থাকে। খাদ্যদ্রব্য রপ্তানির তালিকায় দেশটির সবচেয়ে বড় বাজার হংকং, চীন ও যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে প্রতিবেশি দেশ চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও থাইল্যান্ড জাপান থেকে আমদানি করা খাদ্যদ্রব্য পরীক্ষা করে দেখতে শুরু করেছে।
অবশ্য অস্ট্রেলিয়ার খাদ্য নিয়ন্ত্রক সংস্থা বলেছে, জাপান থেকে আমদানি করা খাদ্যদ্রব্যে তেজস্ক্রিয়ার ঝুঁকি খুব সামান্যই। তাই অতিরিক্ত কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএল/২২১৭ ঘ.
bdnews24