তেল আবিব, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাৎসাভকে মঙ্গলবার ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে ৭ বছরের জেল দিয়েছে তেল আবিবের আদালত।
১৯৯০ সালের শেষ দিকে পর্যটন মন্ত্রী থাককালে এক নারী কর্মচারীকে দুবার ধর্ষণ এবং ২০০০-২০০৭ সালে প্রেসিডেন্ট থাকাকালে আরো দুই নারী কর্মচারীকে যৌন হয়রানি করার অভিযোগ ছিলো কাৎসাভের বিরুদ্ধে।
তবে তিনি বরাবরই এ সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন।
কাৎসাভের সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় গত বছর ডিসেম্বরে তিনি দোষী সাব্যস্ত হন বলে জানিয়েছে তেল আবিব জেলা আদালতের তিন বিচারকের প্যানেল।
সাবেক ইসরাইলি প্রেসিডেন্ট হিসাবে কাৎসাভই প্রথম কারাদণ্ড পেলেন।
"কেউই আইনের উর্ধ্বে নয়" এ থেকেই তা স্পষ্ট বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24