২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফি হামলার লক্ষ্য ছিলেন না'

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি হামলার লক্ষ্য ছিলেন না বলে দাবি করেছে যৌথবাহিনী। রোববার রাতে গাদ্দাফির দুর্গে ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন বিধ্বস্ত হওয়ার পর যৌথবাহিনী এ দাবি করলো। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি হামলার লক্ষ্য ছিলেন না বলে দাবি করেছে যৌথবাহিনী। রোববার রাতে গাদ্দাফির দুর্গে ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন বিধ্বস্ত হওয়ার পর যৌথবাহিনী এ দাবি করলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান স্যার ডেভিড রিচার্ডস সোমবার বলেছেন, গাদ্দাফি 'সত্যিকার অর্থে' হামলার লক্ষ্য ছিলেন না।" জাতিসংঘ সিদ্ধান্তে তার ওপর হামলার অনুমোদন নেই, বলেন রিচার্ডস। তবে রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলেছিলেন, কর্নেল গাদ্দাফির ওপর হামলার জোর সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস অ্যাডমিরাল বিল গোর্টনি বলেন, "এ বিষয়টিতে আমি নিশ্চিত করে বলতে পারি, তিনি আমাদের হামলার লক্ষ্যের তালিকায় নেই। তবে হামলা চালানোর সময় তিনি যদি কোনো বিমান প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন করেন তাহলে সেখানে তার অবস্থান সম্পর্কে আমরা নাও জানতে পারি। তবে এখন আমরা তার বাসভবনে হামলা করছি না।" ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ল্যঁরা তেসেইর বলেন, লিবিয়ায় হামলার লক্ষ্য বেসামরিক মানুষকে রক্ষা করা এবং গাদ্দাফি হামলার লক্ষ্য ছিলেন না। গাদ্দাফির সঠিক অবস্থান জানা গেলে তাকে গুলি করা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "না"। রোববার রাতে লিবিয়ায় পশ্চিমা বাহিনীর দ্বিতীয় দফা হামলায় রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের একটি ভবন বিধ্বস্ত হওয়ার পর যৌথবাহিনীর কর্মকর্তারা এ বক্তব্য দিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলীকউ/২০৫৮ ঘ.