সানা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর ঘনিষ্ঠ এবং প্রভাবশালী জেনারেল আলী মোহসেন সোমবার গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের পক্ষ সমর্থন করেছেন।
আল জাজিরা টেলিভিশনে প্রচারিত এক বার্তায় মোহসেন বলেন, "আমরা তরুণদের শান্তিপূর্ণ বিপ্লব এবং তাদের দাবিদাওয়াকে সমর্থন জানানোর পাশাপাশি রাজধানীতে স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কর্তব্য পালনের ঘোষণা দিচ্ছি।"
প্রেসিডেন্ট সালেহ মন্ত্রিসভা বরখাস্ত করার পরদিন মোহসেন এ ঘোষণা দিলেন। তিনি ইয়েমেনের উত্তরপশ্চিম সামরিক জোনের কমান্ডার।
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেন সরকার পক্ষ ছেড়ে বিরোধীদের আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে রয়টার্স জানিয়েছে, ইয়েমেনে বিক্ষোভ দমনপীড়নের প্রতিবাদে মোহসেন বিভিন্ন রাজনৈতিক ও সামরিক পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের কথা উল্লেখ করলেও নিজের পদত্যাগ ঘোষণা করেননি।
মোহসেন ছাড়াও অন্য আরো দুই জেনারেল বিক্ষোভকারীদের সমর্থন করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।
এর আগে ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের প্রতিবাদে রোববার পদত্যাগ করেন জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলসাঈদি।
শুক্রবার ইয়েমেনে সানা বিশ্ববিদ্যালয়েরর কাছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী এবং সরকারপন্থি বন্দুকধারীদের গুলিতে ৪২ জন বিক্ষোভকারী নিহত হয়।
এর প্রতিবাদে প্রেসিডেন্টের কার্যালয়ে এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান আলসাঈদি।
এছাড়াও পদত্যাগ করেন ইয়েমেনের পর্যটন মন্ত্রী এবং দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধানসহ সরকারি সংবাদ সংস্থার প্রধান এবং ক্ষমতাসীন দলের নেতৃস্থানীয় সদস্য নাসের তাহা মুস্তফা।
শুক্রবারের ওই বিক্ষোভ সহিংসতার পর দেশে জরুরি অবস্থা জারি করে সরকার।
কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের মুখেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সালেহ এর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ ঘ.
bdnews24