২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে দমনপীড়ন; বিরোধী ৬ নেতা আটক

বাহরাইনে অন্তত ছয় জন বিরোধী নেতাকে আটক করা হয়েছে। রাজধানী মানামার পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালানোর পরদিন বিরোধী নেতাদের আটক করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

মানাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে অন্তত ছয় জন বিরোধী নেতাকে আটক করা হয়েছে। রাজধানী মানামার পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালানোর পরদিন বিরোধী নেতাদের আটক করা হলো। বাহরাইনের প্রধান বিরোধী দল ওয়েফাক জানায়, বুধবার রাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বিরোধী নেতাদের আটক করেছে। আটক হওয়াদের মধ্যে শিয়া হক মুভমেন্টের নেতা হাসান মুশাইমা, ওয়াফা নেতা আবদেল ওয়াহাব হুসেইন রয়েছেন বলে জানায় ওয়েফাক। এছাড়া ধর্মনিরপেক্ষ বামপন্থী দল ওয়াদের প্রধান ইব্রামি শরীফকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। রাজনৈতিক নেতাদের আটক ও তাদের বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছে। বাহরাইনের বাদশা হামাদ বিন ইসা আল-খলিফা মঙ্গলবার তিন মাসের জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেন। গত মাস থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে বাদশার অনুরোধে সোমবার বাহরাইনে যায় সৌদি আরবের এক হাজার সেনা সদস্য। এছাড়া কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও বাহরাইনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। দেশে রাজনৈতিক সংস্কার, খলিফা পরিবারের আধিপাত্য কমানো এবং সম-নাগরিক অধিকারের দাবিতে মধ্য ফেব্র"য়ারি থেকে বিক্ষোভ করে আসছে শিয়া মতাবলম্বীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪৫১ ঘ.