টোকিও, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানে ভূমিকম্প আর সুনামির তাণ্ডবের পর বড় বড় সব কোম্পানিগুলো তাদের কলকারখানা বন্ধ করে দিয়েছে। বিভিন্ন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান, ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ও তেল শোধনাগারগুলো তাদের প্রধান বেশ কিছু কারখানা বন্ধ রেখেছে।
ফলে দেশের অর্থনীতি সচল রাখা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সরকার।
বিশ্বখ্যাত ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি করপোরেশন তাদের আটটি কারখানা বন্ধ রেখেছে। এর মধ্যে রয়েছে তাদের অপটিক্যাল ফিল্ম তৈরির কারখানা।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মটর তাদের স্থানীয় চারটি কারখানা বন্ধ রেখেছে। কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাঁচামাল পাওয়ার ওপর নির্ভর করছে কারখানা কবে চালু হবে।
জাপানের নামকরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মটর কোম্পানিও তাদের ১২টি স্থানীয় কারখানা বন্ধ রেখেছে। ক্ষতিগ্রস্ত এলাকাতে তাদের কারখানাগুলো এখনো পরিদর্শন করতে পারেনি কর্তৃপক্ষ।
এগুলো ছাড়াও বহু প্রতিষ্ঠান তাদের কারখানা বন্ধ রেখেছে। অনেক কারখানা সম্পূর্ণ অক্ষত থাকলেও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ এবং কাঁচামাল পরিবহন ও সরবরাহ করতে না পারাই এর মূল কারণ।
প্যানাসনিক করপোরেশন জানিয়েছে, ভূমিকম্পের পরাঘাতের ফলে উত্তরাঞ্চলে তাদের কারখানাগুলো এখনো পরিদর্শন করা সম্ভব হয়নি। তাছাড়া, বিদ্যুৎ ও পানির সরবরাহের ঘাটতি সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, সোমবার থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবস্থাপনা শুরু হবে। এ প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথমবারের মতো এ ঘটনা ঘটছে।
কুজি শহরে জাহাজের বিভিন্ন অংশ নির্মাণের একটি কারখানায় সোমবার শ্রমিকরা উপস্থিত হয়। তবে কারখানাটি ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হয়েছে।
কিতা নিহন কে কে কারখানার ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এক তরুণ শ্রমিক বলেন, কর্মদিবস বলেই তিনি কাজে এসেছেন।
তিনি বলেন, শ্রমিকদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। শহরে কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ চালু হলেও এখনো পানির সরবরাহ নেই।
নজিরবিহীন দুর্যোগে জাপানের অর্থনীতি ধাক্কা খেলেও বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে এ ধস সাময়িক। পুনর্নিমাণকাজ শুরু হলে কয়েক মাসের মধ্যেই তা আবার চাঙ্গা হয়ে উঠতে পারে।
জাপান সরকার ইতোমধ্যেই এ সঙ্কটজনক পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা শুরু করেছে। অবকাঠামোগত পুননির্মাণের জন্য তাৎক্ষণিক অর্থ বরাদ্দের সুপারিশ করেছেন দেশটির নেতারা।
তবে অবকাঠামোগত ক্ষতিগুলো পুনরুদ্ধার করতে বর্তমান বাজেটের চেয়ে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার দরকার পড়বে বলে মনে করা হচ্ছে। ১৯৯৫ সালে কোবে ভূমিকম্পের পড়ে ১০০ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি পুনরুদ্ধারে ৩ ট্রিলিয়ন ইয়েন ব্যয় হয়েছিলো।
জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাসাকি শিরাকাওয়া বলেন, জাপানের অর্থনীতি স্থিতিশীল রাখতে সোমবার থেকে অর্থ তারল্য বিপুল পরিমাণে বাড়ানো হবে। এ মুহূর্তে জাপানের বাজার ও অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখাই আমাদের মূল কাজ।
শুক্রবার দুপুরে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই ১০ মিটার উচ্চতার সুনামিতে ভেসে যায় প্রশান্ত মহাসাগরীয় এ দেশের উত্তর-পূর্ব উপকূল।
ভূমিকম্প সবচেয়ে বড় শঙ্কা তৈরি করেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ।
টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমা প্রকল্পের ৪০ বছরের পুরনো ডাইচি-১ চুল্লীতে ভূমিকম্পের পর বিস্ফোরণ ঘটে সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানো শুরু করে।
ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থানরত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় নিঃসরণ এবং ভূমিকম্পের পরাঘাতের কারণে পাঁচটি এলাকা থেকে দুই লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা রোববার বলেছেন, উদ্ধারকর্মীর সংখ্যা দ্বিগুণ করে এক লাখ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬২৭ ঘ.
bdnews24