২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজস্ক্রিয়তা ছড়ানো ঠেকাতে লড়াই জাপানের

ভূমিকম্পের ফলে দুটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানো ঠেকাতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

টোকিও, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পের ফলে দুটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানো ঠেকাতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে জাপান। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হলেও জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, তার মাত্রা অত্যন্ত সীমিত। শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে টোকিও শহরের ২৪০ কিলোমিটার উত্তরে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টিইপিসিও) ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি কেন্দ্র। আর সেখান থেকেই ঘটছে তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। ওই প্রকল্পে দাইচি ও দাইনি নামে দুটি কেন্দ্র রয়েছে। দাইচি কেন্দ্রে ভূমিকম্পের সময়ে চাপ প্রশমনের কাজ হওয়ার কথা থাকায় তা থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিলো। তবে সরকার ও বিশেষজ্ঞরা বলছেন, তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ সামান্য মাত্রার, যা থেকে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা নেই। ফুকুশিমা প্রকল্প এলাকার চার দিকে ১০ কিলোমিটার এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে তিন কিলোমিটার এলাকা ফাঁকা করার কথা থাকলেও পরে এর পরিসর বাড়ানো হয়। দাইচি প্রকল্পের একটি চুল্লীতে সহ্যক্ষমতার দ্বিগুণের বেশি চাপ দেখা দিয়েছিলো। আর এর টারবাইন ভবনেও চাপ বেড়েই চলছিলো। দাইচি কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে দাইনি কেন্দ্রে চাপ নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়তে হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দাইচি প্রকল্পের ছয়টি চুল্লীর মধ্যে তিনটি ভূমিকম্পের সময় চলছিলো বলে টিইপিসিও জানায়। এগুলো সব এখন বন্ধ রয়েছে। তবে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা অন্য তিনটি চুল্লী থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে পরিস্থিতি এখনো শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেনি জানিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওতো সেকিমুরা রয়টার্সকে বলেন, "চেরনোবিলের মতো কোনো পরিস্থিতি তৈরির সম্ভাবনা নেই।" ১৯৮৬ সালের ২৬ এপ্রিল রাশিয়ার (বর্তমান ইউক্রেনে) চেরনোবিলে পরমাণু স্থাপনায় দুর্ঘটনার কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েল অন্তত ৪ হাজার মানুষ মারা যায়। "কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি, এখন পরিস্থিতি যদি সতর্কতার সঙ্গে সামাল দেওয়া যায়, তবে কোনো সমস্যা হবে না। তিন কিলোমিটার এলাকার বাইরে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা দেখছি না", বলেন সেকিমুরা। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইউকিও ইদানো এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রকল্পের তেজস্ক্রিয় চুল্লীর কিছু তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর পরিমাণ খুবই কম হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া বাতাস সমুদ্রের দিকে বইছে, এটাও বিবেচনায় রাখতে হবে।" জাপানের পারমাণবিক শক্তি প্রকল্পের এ ঘটনাকে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ডের পারমাণবিক প্রকল্পের দুর্ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, থ্রি মাইল আইল্যান্ডের তুলনায় এর জটিলতা অনেক কম। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনকে (আইএইএ) জাপান জানিয়েছে, ভূমিকম্প ও সুনামির কারণে প্রকল্প এলাকার বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পারমাণবিক চুল্লীর শীতক যন্ত্র কাজ করছিলো না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দি ইউনিয়ন অব কনসার্র্নড সায়েন্টিস্টস (ইউসিএস) বলেছে, বিকল্প বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে কোনো পারমাণবিক প্রকল্প খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারে। সাধারণত পারমাণবিক চুল্লীগুলো শীতল রাখার জন্য এবং এর মটর, ভাল্ভ ও অন্যান্য যন্ত্রাংশ চালানোর জন্য প্রকল্পের বাইরে থেকে বিকল্প বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিকল্প সরবরাহ বন্ধ হয়ে গেলে চুল্লী শীতল রাখা সম্ভব হয় না। চুল্লী বেশি গরম হয়ে গেলে তা চুল্লীর ক্ষতি করাসহ বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি করে এবং এ গ্যাস ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। তবে ইউসিএস বলনে, এক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এ প্রকল্পের ভবনগুলো এ ধরনের যে কোনো মাত্রার চাপ সহ্য এবং স্বয়ংক্রিয়ভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করার মতো করে তৈরি করা হয়েছে। ভূমিকম্পের পর কয়েকটি পারমাণবিক প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় জাপানের ১৮ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জাপানের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৩০ শতাংশ চাহিদা মেটায় পারমাণবিক শক্তি। জাপানের পারমাণবিক প্রকল্পগুলোর অনেকটিই ভূমিকম্পপ্রবণ ফুকুশিমা ও ফুকুই উপকূলীয় অঞ্চলে অবস্থিত। আইএইএ জানিয়েছে, পৃথিবীর প্রায় ২০ শতাংশ পারমাণবিক শক্তি প্রকল্প ভূমিকম্পপ্রবণ এলাকায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩২০ ঘ.