ত্রিপোলি, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাউইয়া থেকে গাদ্দাফি অনুসারী নিরাপত্তা বাহিনীকে হঠিয়ে দিয়েছে বিদ্রোহীরা। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে শনিবার সেখানে হামলা চালায় গাদ্দাফি অনুগত বাহিনী।
রাজধানী ত্রিপোলির ৩০ মাইল পশ্চিমের জাউইয়া শহরের দখল নেওয়া বিদ্রোহী বাহিনীর মুখপাত্র ইউসুফ শাগান শনিবার বলেন, "ট্যাংক ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বহু সেনা নিয়ে তারা ভোর ছয়টায় শহরে প্রবেশ করে। আমরা তাদের হঠিয়ে দিয়েছি-আমরা জয়ী এবং স্কয়ারে এখন সাধারণ মানুষ সমবেত হচ্ছে।"
তিনি বলেন, "দেড় ঘণ্টার যুদ্ধের পর আমরা দুটি ট্যাংক, তিনটি এপিসি (সাজোয়া যান) ও একটি পিক আপ ভ্যান দখলে নিয়েছি।"
লিবিয়ার ৪১ বছরের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির শাসনাবসানের দাবিতে চলমান বিক্ষোভে সহিংসতার মধ্যে সপ্তাহখানেক আগে বিক্ষোভকারী ও বিদ্রোহী নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। তখন জাউইয়ারও নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।
জাউইয়ার বিদ্রোহী যোদ্ধা ইব্রাহিম টেলিফোনে রয়টার্সকে বলেন, পাল্টা আক্রমণের মুখে টিকতে না পেরে পিছু হটা গাদ্দাফি বাহিনী এখন আবার শহরের প্রবেশ পথে সংগঠিত হচ্ছে।
তিনি বলেন, "গাদ্দাফি কখনো এ শহরে ঢুকতে পারবে না। সে কখনো এখানে পা ফেলতে পারবে না। কেবল আমরা সবাই মারা গেলেই সে শহরে আসতে পারবে। শহরের নিয়ন্ত্রণ নিতে হলে আমাদের সবাইকে মারতে হবে তার।"
ওদিকে, ত্রিপোলির পাঁচশ' ২৫ কিলোমিটার পূর্বের বিন জাওয়াদ শহরের দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। এবার তারা গাদ্দাফির নিজ শহর সিরতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।
শুক্রবার গাদ্দাফি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধের পর পূর্বাঞ্চলীয় শহর রাস লানুফ দখলে নেয় বিদ্রোহীরা।
চিকিৎসকরা বলেছেন, রাস লানুফ ও তার আশপাশের এলাকায় শুক্রবারের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯১০ ঘ.
bdnews24