২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

চীন এ বছর সামরিক বাজেট ১২ দশমিক ৭ শতাংশ বাড়াবে। শুক্রবার একথা জানিয়েছে বেইজিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

বেইজিং, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- চীন এ বছর সামরিক বাজেট ১২ দশমিক ৭ শতাংশ বাড়াবে। শুক্রবার একথা জানিয়েছে বেইজিং। সামরিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠা চীনকে নিয়ে আঞ্চলিক দেশগুলোর উদ্বেগের মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় নতুন করে দুই অঙ্ক বাড়ানোর এ পদক্ষেপে উৎকণ্ঠা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। চীনের পার্লামেন্টের মুখপাত্র লি ঝাওজিয়াং বলেছেন, ২০১১ সালে প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে ৬০১ দশমিক ১ বিলিয়ন ইউয়ানে (৯১ দশমিক ৫ বিলিয়ন ডলার)। গত বছর যা ছিলো ৫৩২ দশমিক ১ বিলিয়ন ইউয়ান। ২০১০ সালে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছিলো ৭ দশমিক ৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, চীন সরকার প্রতিরক্ষা বাজেট যতটুকু জানায় তার চেয়ে তাদের প্রকৃত বাজেট অনেক বেশি। ঝাওজিয়াং প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এ পদক্ষেপ যুক্তিসঙ্গত উল্লেখ করে বলেন, চীন কারো জন্যই কোনো হুমকি নয়। বিশ্বের মানদণ্ডে চীনের প্রতিরক্ষা বাজেট অপেক্ষাকৃত কম বলে মন্তব্য করেন তিনি। চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে কমিউনিস্ট পার্টির পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা দেওয়ার একদিন আগে চীন প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এ ঘোষণা দিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৪ ঘ.