প্যারিস, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে এপ্রিল থেকে নারীরা ঘরের বাইরে মুখঢাকা বোরখা পরতে পারবে না।
এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আইন প্রয়োগকারী সংস্থা আগামী মাস থেকে কাজ শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত বছর ফ্রান্সে প্রকাশ্যে মুখ ঢাকা বোরকা পরা নিষিদ্ধ করে আইন পাস হয়। ওই আইন নিয়ে তখন উদ্বেগ প্রকাশ করে ফ্রান্সের মুসলিম ইমামরা।
এ আইনের মাধ্যমে মুসলিম নারীরা পুলিশি হয়রানির শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
আইনে জন সমাগমস্থল যেমন, সড়ক, পরিবহন, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত চত্বর, হাসপাতাল ও সরকারি ভবনে মুখঢাকা বোরখা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কোনো নারী মুখ ঢাকা বোরকা পরে ওই সব স্থানে গেলে তার পরিচয় নথিভুক্ত ও তাকে সনাক্ত করতে থানায় তলব করা হবে এবং মুখ ঢাকা বোরকা খুলে ফেলার জন্য বলা হবে। কেউ তাতে অস্বীকৃতি জানালে তাকে ১শ' ৫০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে।
কর্মকর্তারা বলেন, এ আইনটি মূলত প্রতীকী এবং মুখ ঢাকা বোরকা পরে বের হওয়া সব নারীকেই থানায় তলব করা হবে না।
তবে এভাবে কোনো নারীকে থানায় ডাকা হলে তা হবে ওই নারীর জন্য চরম অস্বস্তিকর।
সরকারি হিসাবে ফ্রান্সে প্রায় ৫০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে এবং তাদের মধ্যে তিন হাজারের মতো নারী মুখ ঢাকা বোরকা পরে বাইরে বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24