২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফির সঙ্গে আলোচনা নয়'

কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে সরে নির্বাসনে যাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে সরে নির্বাসনে যাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা। পাশাপাশি বিদ্রোহীদের ওপর গাদ্দাফি অনুগত বাহিনীর বিমান হামলা ঠেকাতে বিদেশি হস্তক্ষেপ কামনা করেছে বেনগাজি শহরে স্থাপিত 'দ্য ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল'। বিবিসি অনলাইন শুক্রবার এ খবর জানায়। বিদ্রোহীদের প্রতিনিধিত্বকারী ওই কাউন্সিল জানিয়েছে, আলোচনার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। গাদ্দাফি গোয়েন্দা সংস্থার একজন প্রধানকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ কথা জানায়। লিবিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা আবদেল জলিল 'দ্য ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল'র নেতৃত্ব দিচ্ছেন। গত মাসে তিনি সরকার থেকে পদত্যাগ করেন। আবদেল জলিলের মুখপাত্র আহমেদ জাবরিল রয়টার্সকে বলেন, "যদি কোনো সমঝোতা আলোচনায় বসতে হয় তবে সেটি একটি বিষয়ের ওপরই নির্ভর করবে। তা হচ্ছে, গাদ্দাফি কীভাবে দেশত্যাগ করবে কিংবা ক্ষমতা থেকে সরে দাঁড়াবে, এর মাধ্যমে আমরা জনগণের জান-মাল রক্ষা করতে পারবো। এ ছাড়া কোনো সমঝোতা নয়।" তবে গঠনমূলক আলোচনা এ ক্ষেত্রে অসম্ভব বলেই বিশ্লেষকদের ধারণা। কেননা কর্নেল গাদ্দাফি যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছেন, আর বিদ্রোহীদের লক্ষ্য তার ৪১ বছরের ক্ষমতার অবসান। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, গাদ্দাফি ও তার ছেলেরা মানবতার বিরুদ্ধে যেসব অপরাধ করেছে তা তদন্ত করা হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতাসীদের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "আমরা এ বার্তা পরিষ্কারভাবে আবারো জানিয়ে দিতে চাই, তা হচ্ছে, সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।" ওবামা আরো বলেন, "মুয়াম্মার গাদ্দাফি নেতৃত্ব দেওয়ার আইনি বৈধতা হারিয়েছেন। তাকে অবশ্যই সরে যেতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.