২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে প্রধানমন্ত্রীর পদত্যাগ

মিশরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক পদত্যাগ করেছেন। নতুন সরকার গঠন করতে সাবেক পরিবহনমন্ত্রী এশাম শরফকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

কায়রো, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- মিশরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক পদত্যাগ করেছেন। নতুন সরকার গঠন করতে সাবেক পরিবহনমন্ত্রী এশাম শরফকে নিয়োগ দেওয়া হয়েছে। মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। সেনাবাহিনীর ফেইসবুকের পাতায় এ বিবৃতি দেওয়া হয়। পরে সেনাবাহিনীর এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেন। মিশরে সরকারবিরোধী গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের কিছুদিন আগে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছিলেন আহমেদ শফিক। সেকারণে বিক্ষোভকারীরা শফিককে মুবারক ঘেঁষা বলে মনে করে-- এমনটাই বলছেন বিশ্লেষকরা। মিশরের সামরিক শাসকরা বৃহস্পতিবার আহমেদ শফিকের পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, শসস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ প্রধানমন্ত্রী আহমেদ শফিকে পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠনের জন্য এশাম শরফকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শফিকের এক সহযোগী জানান, প্রশাসনে মুবারক আমলের পুরোনো মুখ বাদ দেওয়ার দাবিতে শুক্রবার বিক্ষোভকারীরা মাঠে নামার আগেই শফিককে বদলিয়ে শরফকে নিয়োগ দেওয়া হয়েছে। শফিক এর আগে প্রশাসনে হালকা কিছু রদবদল করেও বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারেননি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৮ ঘ.