২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ উপেক্ষা করে সেনা মোতায়েন করছেন গাদ্দাফি

ক্ষমতা ছাড়তে নারাজ লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের সামরিক ও অর্থনৈতিক চাপ উপেক্ষা করে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ত্রিপোলি, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা ছাড়তে নারাজ লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের সামরিক ও অর্থনৈতিক চাপ উপেক্ষা করে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করেছেন। যুক্তরাষ্ট্র সোমবার লিবিয়ার দিকে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয়। ওই ঘোষণার ১২ ঘণ্টা পর মঙ্গলবার লিবিয়ার প্রত্যন্ত দেহিবা সীমান্ত এলাকায় গাদ্দাফির অনুসারী সেনা সদস্যদের তৎপরতা দেখা গেছে। দেহিবায় আগের দিন কোনো সেনা সদস্যকে দেখা না গেলেও মঙ্গলবার সেখানে কালাসনিকভ রাইফেল ও অন্যান্য সামরিক সরঞ্জামে সজ্জিত সেনা সদস্যদের সতর্ক টহল দেখা গেছে বলে জানিয়েছেন লিবিয়া-তিউনিসিয়া সীমান্তে নিয়োজিত রয়টার্স প্রতিবেদক। এছাড়া, তিউনিসিয়া সীমান্তের ৬০ কিলোমিটার দূরে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় নালুত শহরেও এদিন সেনাবাহিনীর তৎপরতা দেখা গেছে। নালুত শহর পুনর্দখল করতে সেখানে গাদ্দাফিপন্থি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাটির অধিবাসীরা। ক্ষমতা না ছাড়লে গাদ্দাফির বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। লিবিয়ার দিকে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোরও ঘোষণা দেয় দেশটি। আর তাতে লিবিয়াকে ঘিরে থাকা মার্কিন রণতরী ও বিমান শক্তির তৎপরতা শুরু হয়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বেশ কয়েকটি দেশ লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে সোমবার আলোচনা করে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সুসান রাইস বলেন, গাদ্দাফি বাস্তবতা থেকে দূরে রয়েছেন। তাই তিনি নিজের জনগণকেই হত্যা করছেন। এর মধ্য দিয়ে তিনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন। সুসান আরো বলেন, ওয়াশিংটন ন্যাটোসহ অন্যান্য মিত্র রাষ্ট্রের সঙ্গে সেনা অভিযানের ব্যাপারে আলোচনা করেছে। ইতোমধ্যে গাদ্দাফি ও তার পরিবারের প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইতালির বাইরে অবস্থানরত লিবিয়ার কাছাকাছি থাকা ৬ষ্ঠ মার্কিন নৌবহর সহায়তা পরিকল্পনা অনুসারে কাজ শুরু করেছে। মানবিক সহায়তাও এর অন্তর্ভুক্ত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ লিবিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বিকল্প আন্তর্জাতিক পদেক্ষপ গ্রহণের প্রস্তাব করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লিবিয়ার জনগণকে গাদ্দাফির বাহিনীর হাত থেকে রক্ষার জন্য লিবিয়াতে একটি 'নো ফ্লাই জোন' করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এতোকিছুর পরও ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান এখনো প্রত্যাখ্যান করে যাচ্ছেন গাদ্দাফি। তার ৪১ বছরের শাসনের বিরুদ্ধে গণরোষ ক্রমশ বাড়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। ইতোমধ্যে লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। রাজধানী ত্রিপোলিতেও তার নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করেছে। সোমবার এবিসি ও বিবিসি সংবাদমাধ্যমে গাদ্দাফি বলেন, "জনগণ আমাকে ভালোবাসে, তারা জীবন দিয়ে হলেও আমাকে রক্ষা করবে।" আন্দোলনকারীদের ওপর বিমান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন তিনি। আল কায়েদা তরুণ সম্প্রদায়কে মাদকাসক্ত করে তার বিরুদ্ধে ক্ষোিপয়ে তুলেছে অভিযোগ করে তার বিরুদ্ধে দেশে কোনো আন্দোলন নেই বলে দাবি করেন গাদ্দাফি। তিনি আরো বলেন, সেনা বাহিনীকে ওইসব তরুণদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার না করার নির্দেশ দেওয়া আছে। জনগণের ওপর দমন-পীড়নের কারণে এরআগে লিবিয়ার ওপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে। গাদ্দাফির চার দশকের শাসন অবসানে গত সপ্তাহ থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয় বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩১ ঘ.