ত্রিপোলি, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়ন চালানোর প্রেক্ষাপটে লিবিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তর আফ্রিকার দেশটির চলমান সঙ্কট অবসানে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বিবিসি শনিবার জানিয়েছে, লিবিয়ায় রপ্তানি, দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তার কয়েকজন সহযোগীর সম্পদ জব্দ ও অর্থ লেনদেন বন্ধ করা সংক্রান্ত নিষেধাজ্ঞার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সই করেছেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, লিবীয় সরকার মানবাধিকার লঙ্ঘন করছে।
জাতিসংঘে নিযুক্ত এক কূটনীতিক জানান, লিবিয়ার ওপর অস্ত্র অবরোধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা ও দেশটির শীর্ষ নেতাদের সম্পদ জব্দে ঘোষণাপত্রের খসড়া শনিবারই ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।
লিবিয়ার সঙ্কট নিয়ে আর অপেক্ষা করা উচিৎ হবে না বলে মুন মন্তব্য করার পর এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেয় জাতিসংঘ।
ওবামা বলেন, "লিবীয় সরকার ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, জনগণের ওপর নির্দয় হামলা চালাচ্ছে, হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা জানাচ্ছে।"
এর আগে লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে ঐকমত্য সৃষ্টির চেষ্টা চালান ওবামা, যা এখনো অব্যাহত রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, লিবিয়ায় সহিংসতা বন্ধে অবরোধ ও সামরিক হস্তক্ষেপসহ সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে ওয়াশিংটন।
তারা আরো বলেন, লিবিয়ার ওপর নিরাপত্তা পরিষদের কঠোর পদক্ষেপ, নিষেধাজ্ঞা, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে লিবিয়াকে বহিষ্কার করা এবং লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা ঠেকাতে নো ফ্লাই জোন ঘোষণাসহ সম্ভাব্য সব পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে।
এদিকে শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
লিবিয়ায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দুই সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৭ ঘ.
bdnews24