বাগদাদ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে উঠেছে ইরাকিরা। শুক্রবার হাজার হাজার সরকারবিরোধী ইরাকি দেশব্যাপী বিক্ষোভ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে অনেকে।
বিক্ষোভকারীরা সরকারি ভবনগুলোতে হামলা চালাতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার ফেইসবুকের পাতায় 'বিক্ষোভ দিবস' পালনের আগাম ঘোষণা ছিল। সরকারবিরোধী এই বিক্ষোভে আল কায়েদাসহ অন্যান্য জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আগাম হুঁশিয়ারি জানিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। কিন্তু এ ধরনের কোনো হামলার খবর পাওয়া যায়নি।
তবে মালিকি বিক্ষোভকারীদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজে এসব দাবি-দাওয়া পূরণের পদক্ষেপগুলো তদারকি করবো।"
আরব বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিনের শাসক এবং সরকারের পতন ঘটানোর দাবিতে আন্দোলন হলেও ইরাকের বিক্ষোভটি এদিক থেকে একটু আলাদা।
ইরাকে সরকার পতনের দাবিতে নয় বরং বিক্ষোভ হচ্ছে দুর্নীতি অবসান, মানুষের মৌলিক চাহিদাপূরণ ও পর্যাপ্ত জনসেবার ব্যবস্থা করার দাবিতে।
শুক্রবার হাজার হাজার মানুষ ইরাকের পতাকা এবং ব্যানার নিয়ে সমবেত হয় বাগদাদের কড়া নিরাপত্তাধীন তাহরির চত্বরে (স্বাধীনতা চত্বর)।
তাহরির চত্বরে তরুণ এক বিক্ষোভকারী লিনা আলির উক্তি, "আমরা এখানে পরিবর্তনের দাবি নিয়ে এসেছি। দেশের শিক্ষাব্যবস্থা খারাপ, স্বাস্থ্যসেবা খারাপ, সেবার মান দিন দিন খারাপ হচ্ছে। পানি নেই, বিদ্যুৎ নেই, বেকারত্ব বাড়ছে। এ পরিস্থিতি তরুণদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে।"
তবে এক গুচ্ছ ফুল হাতে তাহরির চত্বরে দাঁড়িয়ে থাকা লিনা বলেন, "এ বিক্ষোভ শান্তিপূর্ণ। আমরা চাই সরকার আমাদের কণ্ঠ শুনুক। যে সরকারকে আমরাই নির্বাচন করেছি। তাদের উচিত পর্যাপ্ত জনসেবার ব্যবস্থা করা।"
তিনি বলেন, "অন্য দেশগুলো পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছে। তাহলে আমরা হবো না কেনো?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১১২১ ঘ.
bdnews24